‘দখল বাণিজ্য’: নাগরিকদেরও সচেতন হতে বললেন মেয়র তাপস
ঢাকা শহরে ‘অবৈধ দখল বাণিজ্য’ একটি বড় সংকটে পরিণত হয়েছে মন্তব্য করে এর অবসান ঘটাতে নগরবাসীর সহযোগিতা চেয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।
তিনি বলেছেন, “আপনার দোকানের সামনে আপনি বসতে দেবেন কেন? রাস্তার উপরে যেখানে-সেখানে পার্কিং করতে দেবেন কেন? এই বিষয়গুলোতে সকলেই আরো সচেতন হয়ে আমাদেরকে সহযোগিতা করলে, তাহলে, ইনশাআল্লাহ আমরা সফল হব।"
বুধবার দুপুরে নগরীর শ্যামপুর খাল পরিষ্কার কার্যক্রম সরেজমিন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন মেয়র।
অবৈধ দখলদারদের হুঁশিয়ার করে তিনি বলেন, “দখলদারদের বিরুদ্ধে আমরা ভবিষ্যৎতে আরো কঠোর হব। প্রয়োজন হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আমরা তাদেরকে কারাদণ্ড দিতে বাধ্য হব।
“আমাদের লক্ষ্য হল খালগুলোকে সম্পূর্ণরূপে স্থায়ীভাবে সংরক্ষণ করা, রক্ষণাবেক্ষণ করা এবং নান্দনিক পরিবেশ সৃষ্টি করা। যাতে করে বছর বছর নতুন করে খনন বা এগুলো অপসারণ করতে না হয়।”
সেই লক্ষ্যে একটি প্রকল্পের পরিকল্পনা করার কথা জানিয়ে মেয়র বলেন, “আমরা আশাবাদী, এই প্রকল্পটা পাস হলে স্থায়ীভাবে সমাধানের দিকে এগোতে পারব। সাথে সাথে খালগুলোর সীমানা নির্ধারণ, অবৈধ দখলদার মুক্ত করা এবং সেই সীমানা বেষ্টনীগুলো স্থায়ীভাবে স্থাপন করা…। এগুলো অত্যন্ত জরুরি। এগুলো যদি করতে পারি, তাহলে আমরা দীর্ঘমেয়াদী সমাধানে যেতে পারব।”
সড়কের ওপর জায়গা দখল করে ‘স্থায়ী পার্কিং বাণিজ্য’ নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মেয়র বলেন, “আমরা যেখানেই দখল পাচ্ছি সেখানেই অভিযান পরিচালনা করছি। আমরা সপ্তাহে পাঁচ দিনই দখলমুক্ত করার কাজ চালিয়ে যাচ্ছি। কিন্তু ঢাকা শহরে এত জনগোষ্ঠী, এত জনসংখ্যার চাপ যে দখল বাণিজ্য অত্যন্ত সংকট হিসেবে পরিণত হয়েছে।
জলাবদ্ধতা নিরসনে গতবারের চেয়ে এবার ‘আরও বেশি সুফল’ ঢাকাবাসীকে দেওয়ার প্রত্যয় জানান তাপস।
তিনি বলেন, “আপনারা লক্ষ্য করেছেন, আমাদের আসলে অনেক পুঞ্জিভূত সংকট। আমরা একটা একটা করে সেগুলো সমাধানের দিকে এগিয়ে চলেছি। জলাবদ্ধতা ঢাকাবাসীর জন্য একটি অত্যন্ত দুরূহ সমস্যা। আমরা গতবছর কিছুটা সুফল দিতে পেরেছি। এবার আমরা আশাবাদী, আরেকটু বেশি সুফল দিতে পারব এবং দীর্ঘমেয়াদী সমাধানের দিকে যেতে পারব।”
মেয়র বলেন, গতবছর তার এলাকায় খাল পরিষ্কার করে, আবর্জনা ও পলি সরিয়ে এবং দখলমুক্ত করে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের কাজ শুরু হয়েছে।
“নিজ অর্থায়নে আমরা সেগুলোর কাজ আরম্ভ করেছি। লক্ষ্য করেছেন, খালগুলো গতবার পরিষ্কার করার পর এবার আবার ভরে গেছে এবং এমনভাবে ভরে গেছে যে, মনে হয় দীর্ঘদিন এগুলো পরিষ্কার করা হয়নি। কী পরিমাণ বর্জ্য ও পলি এখানে জমে, সেটা অনুমান করা যাচ্ছে । এবারও আমরা সূচি করে নির্ধারিত সময়ের মধ্যে কাজ আরম্ভ করেছি।
“কিন্তু শ্যামপুর খালের যে অংশে দাঁড়িয়ে আছি, দেখছেন… এখানে বিভিন্ন জায়গা বিভিন্নভাবে দখল অবস্থায় আছে। আমরা এগুলো এখন দখলমুক্ত করার কার্যক্রম হাতে নেব। খালের পর পর্যায়ক্রমে আবার নর্দমাগুলো পরিষ্কার করব।”
ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, সচিব আকরামুজ্জামান, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, সংশ্লিষ্ট অঞ্চলসমূহের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও কাউন্সিলররা এ সময় উপস্থিত ছিলেন।
