২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাসায় ঢুকে’ সাংবাদিককে মারধর, সাবেক যুবলীগ নেতা কারাগারে

‘বাসায় ঢুকে’ সাংবাদিক এমদাদুল হক খানকে মারধরের মামলায় যুবলীগের সাবেক সহ-সভাপতি খোরশেদুল আলম মাসুদ ও তার সহযোগীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2022, 10:03 PM

Updated : 02 Aug 2022, 02:47 PM

শনিবার ঢাকার মুখ্য মহানগর আদালতের হাকিম নিভানা খায়ের জেসি এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার এসআই রহমত উল্লাহ রনী দুই আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসামি পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত তা নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেয়।”

সেইসঙ্গে জামিন আবেদনের শুনানির জন্য বিচারক আগামী রোববার দিন ঠিক করেছেন বলেও জানান তিনি।

রাজধানীর সেগুনবাগিচা থেকে শুক্রবার রমনা থানা যুবলীগের সাবেক সহ-সভাপতি মাসুদ ও তার সহযোগী ইয়াসিন মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ। মাসুদ টাঙ্গাইলের ঘাটাইলে খাদ্য পরিদর্শকের দায়িত্বে আছেন।

ঢাকার মগবাজার পেয়ারাবাগের বাসায় ঢুকে হামলার অভিযোগে গত বৃহস্পতিবার হাতিরঝিল থানায় মামলা করেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক অর্থ সম্পাদক সাংবাদিক মো. এমদাদুল হক খান।

সাংবাদিক এমদাদুলকে ‘মারধরের’ মামলায় ‘হামলাকারী’ গ্রেপ্তার  

তিনি জানান, পেয়ারাবাগে ‘ফিরোজা গার্ডেন’ নামে একটি ভবনে আটতলার একটি ফ্ল্যাটে সাত মাস ধরে ভাড়া থাকছেন। ফ্ল্যাট মালিক মাসুদের স্ত্রী নাহিদ তন্ময় তনুর সঙ্গে তিন বছরের জন্য তার চুক্তি হয়।

এক সময় মোহনা টেলিভিশনে স্টাফ রিপোর্টার হিসাবে কাজ করা এমদাদুল অভিযোগ করেন, গত বুধবার রাত ১১টার দিকে মাসুদসহ দুই-তিনজন কলিংবেল টিপে ঘরে ঢুকে তাকে মারধর করেন।

মামলার এজাহারে বলা হয়, দরজা খুলতেই এমদাদুলের স্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বাসার ভেতরে প্রবেশ করেন তারা। কিছু বুঝে ওঠার আগেই এমদাদুলকে কিল-ঘুষি ও লাথি মারেন।

এমদাদুলকে বাঁচাতে গেলে তার স্ত্রীকেও মারধর করে গলায় থাকা সোনার চেইন ছিনিয়ে নেন মাসুদ ও তার সহযোগীরা। পরে বাড়ির গ্যারেজে থাকা এমদাদুলের মোটরসাইকল ভাঙচুর করেন।