২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিধি-নিষেধের মধ্যে লঞ্চও চলবে আগের ভাড়ায়

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিস্তার রোধে সরকার অর্ধেক যাত্রী নিয়ে লঞ্চ চলার নির্দেশনা দিলেও ভাড়া বাড়ছে না।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2022, 11:40 PM

Updated : 02 Aug 2022, 02:33 PM

বুধবার বাসের ভাড়া অপরিবর্তিত থাকার সিদ্ধান্তের পর লঞ্চ মালিক এবং নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে।

বিআইডব্লিউটিএর উপ-পরিচালক মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই বিধি-নিষেধে কোনো ভাড়া বাড়বে না।”

লঞ্চ মালিক সমিতির পরিচালক মামুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লঞ্চ ভাড়া বাড়ানো হবে না। এখনও পর্যন্ত এই সিদ্ধান্ত আছে।”

দেশে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের প্রাদুর্ভাবের পর সংক্রমণ ঠেকাতে সোমবার ১১ দফা বিধি-নিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করে সরকার।

এই বিধি-নিষেধে বাস-ট্রেন-লঞ্চে আবার অর্ধেক যাত্রী নিয়ে চলতে বলা হয়, মহামারীর মধ্যে যেমনটা গত বছর ও তার আগের বছর করা হয়েছিল।

তখন অর্ধেক আসন খালি রেখে বাস চলার ক্ষেত্রে ভাড়া ৬০ শতাংশ বাড়ানো হয়েছিল। বেড়েছিল লঞ্চে ভাড়াও। তবে ডিজেলের দাম বৃদ্ধিতে বাস ও লঞ্চ ভাড়া গত মাসেই অনেকটা বাড়ানো হয়।

সরকারি নির্দেশনায় অর্ধেক যাত্রী নিয়ে লঞ্চ চলতে বলা হলেও বিআইডব্লিউটিএ কর্মকর্তা মিজানুর সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি।

লঞ্চ মালিক বলছেন, লঞ্চে এখন অর্ধেক যাত্রীও হচ্ছে না।

মামুনুর বলেন, “ঘাটে এসে দেখে যান, লঞ্চে কত যাত্রী। ধারণ ক্ষমতার অর্ধেকও নেই।”

ওমিক্রন: বাস-ট্রেনে অর্ধেক যাত্রী, অনুষ্ঠান-সমাবেশ বন্ধ  

বাসে শনিবার থেকে অর্ধেক যাত্রী, ভাড়া বাড়ছে না