হাজারীবাগে জায়গা নিয়ে ‘গণ্ডগোলে’ গুলিবিদ্ধ ৩
রাজধানীর হাজারীবাগে জায়গা দখল নিয়ে দ্বন্দ্বের জের ধরে হামলায় তিন জন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এরা হলেন- আরিফ হোসেন (৩২), খোকন (৩৫) ও ইউনুস (৫৫)
শনিবার দুপুরের এ ঘটনায় তিন জনই গুলিবিদ্ধি হয়েছেন বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আরিফের বাঁ পায়ে, খোকনের তলপেটে ও ইউনুসের পিঠের নীচে গুলি লেগেছে।
হাজারীবাগ থানার ওসি মোক্তারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জায়গা নিয়ে গণ্ডগোল, সেখানে গুলি হয়েছে।
“অপরাধীদের গ্রেপ্তারে একাধিক টিম কাজ করছে। তবে হামলাকারীরা কার লোক, তা জানা যায়নি।”
হাসপাতালে চিকিৎসাধীন আরিফ জানান, যুক্তরাষ্ট্রপ্রবাসী এক ব্যক্তির কাছ থেকে প্রায় ২০ কাঠা জমি ভাড়া নিয়ে তিনি রিকশার গ্যারেজ গড়েছিলেন। ওই জায়গা দখলে নিতে তাদের উপর হামলা হয়।
