দুর্নীতি ঠেকাতে সুপ্রিম কোর্টে কমিটি
দেশের বিচারাঙ্গনের প্রধানের দায়িত্ব নেওয়ার পরপরই সর্বোচ্চ আদালতে দুর্নীতি ঠেকাতে পদক্ষেপ নিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
আপিল ও হাই কোর্ট বিভাগের অনিয়ম-দুর্নীতি সংক্রান্ত অভিযোগ অনুসন্ধানে বৃহস্পতিবার একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন তিনি।
হাই কোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (সার্বিক) মো. আবদুর রহমান ও ডেপুটি রেজিস্ট্রার (অর্থ ও উন্নয়ন) মো. মিজানুর রহমানের সমন্বয়ে এ কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।
তিনি সাংবাদিকদের বলেন, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের অনিয়ম ও দুর্নীতি বিষয়ক অভিযোগ প্রাথমিক অনুসন্ধানের জন্য এই কমিটি গঠন করা হয়েছে।
এক সপ্তাহ আগেই দেশের ২৩তম প্রধান বিচারপতির দায়িত্ব নেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
এরপর গত ২ জানুয়ারি এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বিচার বিভাগের দুর্নীতি নিয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেন।
তিনি বলেছিলেন, “দুর্নীতির ব্যাপারে আমি কম্প্রোমাইজ করবো না। কোনোরকম দুর্নীতি হলে আমি সাথে সাথে স্টাফ, অফিসার যেই হোক না কেন সাসপেন্ড করব।”
প্রধান বিচারপতি আরও বলেছিলেন, “বিচার কার্যক্রমের সংশ্লিষ্ট সকলকে আমার এই অভিপ্রায় জানাতে চাই যে, ‘বিচার বিভাগে কোনো দুষ্ট ক্ষতকে আমরা ন্যূনতম প্রশ্রয় দিব না।
“দুর্নীতি একটি ক্যান্সার। কোনো আঙ্গুলে যদি ক্যান্সার হয় তার সর্বোত্তম পন্থা হচ্ছে আঙ্গুলটি কেটে ফেলা। সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তির অধিকার কোনো অশুভ শক্তি বা গোষ্ঠীর কারণে ক্ষতিগ্রস্ত হোক তা কখনোই মেনে নেওয়া যায় না।”
