২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ জিল্যান্ডে ঐতিহাসিক টেস্ট জয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

নিউ জিল্যান্ডের বিপক্ষে তাদের মাঠে টেস্টে বাংলাদেশের প্রথম জয়ে জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2022, 11:50 AM

Updated : 28 Apr 2022, 11:23 PM

বুধবার এই জয়ের পর এক শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি দলের সব খোলোয়াড়, কোচ, ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।

ভবিষ্যতেও জয়ের এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ঐতিহাসিক এই জয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এক বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বলে তার দপ্তর থেকে জানানো হয়েছে। 

বুধবার বাংলাদেশে যখন সবে ভোরের আলো ফুটতে শুরু করেছে ঠিক সেই সময়ে ১২ হাজার কিলোমিটার দূরে মাউন্ট মঙ্গানুই টেস্টে নিউ জিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে বাংলাদেশ এগিয়ে যায় দুই ম্যাচের টেস্ট সিরিজে।

৫ উইকেটে ১৪৭ রান নিয়ে শেষ দিন শুরু করা কিউইদের ইনিংস শেষ করতে এক ঘণ্টাও লাগেনি বাংলাদেশের। এরপর ৪০ রানের ছোট্ট লক্ষ্য তাড়ায় দুটি উইকেট হারাতে হলেও জয় পায় বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে যে কোনো ফরম্যাটে এটাই টাইগারদের প্রথম জয়।

এর মধ্য দিয়ে দেশের মাঠে নিউজিল্যান্ডের টানা ১৭ টেস্টের অপরাজেয় যাত্রা থামাল বাংলাদেশ।

সবশেষ তিন সিরিজে তারা হোয়াইটওয়াশ করেছিল পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও ভারতকে। উপমহাদেশের কোনো দলের সবশেষ জয় ছিল ১১ বছর আগে, পাকিস্তানের। সেই দলকেই এবার বড় ব্যবধানে হারাল বাংলাদেশ।

এ জয়ের ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্টের দেখা পেয়েছে বাংলাদেশ।

এদিকে পৃথক এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিন্ন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।