৩ জনকে গ্রেপ্তারের পর মিলল বস্তাবন্দি লাশের সন্ধান
ঢাকার দারুস সালামে নুরুল আমিন (২৮) নামে এক যুবককে হত্যার পর লাশ গুম করার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অপহৃত নুরুলকে উদ্ধারে অভিযানে নেমে মঙ্গলবার ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
তাদের দেওয়া তথ্যে গাবতলী-আশুলিয়া বেড়িবাঁধ থেকে নুরুলের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার মানস কুমার পোদ্দার।
গ্রেপ্তার তিনজন হলেন- আরিফুল ইসলাম, ইমরান হোসেন ও ইয়ামিন মোল্লা। এদের একজন সেনেটারি মিস্ত্রি, একজন অটোরিকশাচালক এবং একজন পোশাককর্মী।
তারা টাকার জন্য গত ২ জানুয়ারি নুরুলকে কৌশলে নিয়ে হত্যা করেন বলে গোয়েন্দা পুলিশ জানিয়েছে। হত্যার পর মুক্তিপণ চেয়ে অর্থও দাবি করেছিলেন।
নুরুল স্নাতক পাস করে তার চাচা শফিউদ্দিন আহমেদের সিরামিকসের দোকানে বসতেন। সেই সূত্রে আসামিদের সঙ্গে তার পরিচয় ছিল।
দারুস সালাম থানার এসআই মোফাজ্জাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২ জানুয়ারি রাতে নুরুল আমিন নিখোঁজ হন। পরদিন তার চাচার কাছে এক কোটি টাকা মুক্তিপণ চেয়ে ফোন আসে। বিষয়টি থানায় জানানোর পর মামলা হয় এবং অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছিল।
নিহত নুরুল আমিন।
গোয়েন্দা কর্মকর্তা মানস পোদ্দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অপহরণের ওই মামলার তদন্তে তিনজনের সম্পৃক্ততা পাওয়া যায়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় তিনজনকে দারুসসালাম, মিরপুর মডেল ও শাহআলী থানা এলাকার থেকে গ্রেপ্তার করা হয়।
“ভোরে তাদের গ্রেপ্তারের পর তারা হত্যার কথা স্বীকার করে এবং তাদের দেওয়া তথ্য অনুযায়ী জহুরাবাদের বেড়িবাঁধ এলাকা থেকে নুরুল আমিনের মরদেহ উদ্ধার করা হয়।”
এসআই মোফাজ্জল বলেন, “আসামিদের সঙ্গে নুরুল আমিনের পূর্ব পরিচয় ছিল। তারা কৌশলে নুরুল আমিনকে জহুরাবাদে ইমরানের ভাড়া বাসায় ২ জানুয়ারি রাতেই নিয়ে গিয়েছিল।”
অর্থের জন্যই নুরুলকে ধরে নেওয়া হয়েছিল জানিয়ে তিনি বলেন, “সেখানে তার কাছে মোটা অংকের টাকা চাঁদা দাবি করে। নুরুল দিতে অস্বীকার করে এবং চেঁচামেচি করে। তখন আশেপাশের লোকজন জেনে যাবে মনে করে তিনজন মিলে শ্বাসরোধে হত্যা করে। পরে তারা বস্তায় লাশ ভরে বেড়িবাঁধে ফেলে দেয়।”
ঘটনাটি ভিন্ন খাতে নিতে নুরুলের চাচার কাছে কোটি টাকা মুক্তিপণ দাবি করে ফোন করেছিল বলে এসআই মোফাজ্জল জানান।
