২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতিবাজদের ভবিষ্যতেও ছাড় দেবে না দুদক: কমিশনার জহুরুল

দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক বলেছেন, দুদক দুর্নীতিবাজদের ছাড় দেয় না, ভবিষ্যতেও দেবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2022, 07:46 PM

Updated : 28 Apr 2022, 11:22 PM

মঙ্গলবার দুদক কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, “সরকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ দেয়। এ অর্থ যেন যথাযথভাবে ব্যবহার হয়, সেদিকে নজর রাখবে দুদক। এক্ষেত্রে দুদকের কোনো গাফিলতি যেন না থাকে তা লক্ষ্য রাখা হবে।”

সক্ষমতা বাড়াতে দুদকের সাংগঠনিক কাঠামো বাড়ানো হচ্ছে উল্লেখ করে জহুরুল বলেন, চলতি বছরের জুলাইয়ে দেশের আরও ১৩টি জেলায় কার্যালয় স্থাপন করতে যাচ্ছে কমিশন। এতে জনগণ আরও সহজে দুর্নীতির অভিযোগ দিতে পারবেন এবং দুর্নীতিবাজদের মনে ভীতির সঞ্চার হবে।

প্রেস ব্রিফিংয়ে জানান হয়, বর্তমান ২২টির সঙ্গে নতুনগুলো যুক্ত হলে মোট ৩৬ জেলায় সমন্বিত জেলা কার্যালয় হবে দুদকের। এতে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম আরও সম্প্রসারিত ও জোরদার হবে।

এদিকে দুদকের এক বিজ্ঞপ্তিতে জানান হয়, তৃণমূল পর্যায়ে দুর্নীতি প্রতিরোধে পরিসর বিস্তার করছে দুদক।

এরই মধ্যে কক্সবাজার ও বান্দরবান জেলাকে নিয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয় কক্সবাজার যাত্রা শুরু করেছে। গত রোববার কক্সবাজারে এ কার্যালয়ের উদ্বোধন করেন কমিশনার জহুরুল হক ।