দরবারে দাফন ঠেকাতে আদালতে ভাতিজা, ‘পীরের’ লাশ মরচুয়ারিতে ৯ দিন
লিভারের রোগে ভুগে ২৪ ডিসেম্বর মারা যান ঢাকার সেগুনবাগিচার পাঞ্জেরিয়া দরবার শরীফের ‘পীর’ ইয়াহিয়া হাসান (৬০)। ওই দরবার শরীফেই শ্বশুরের কবরে স্বামীকে দাফন করতে চেয়েছিলেন তার স্ত্রী। কিন্তু আইনগত বাধা দেখিয়ে সেখানে ইয়াহিয়ার দাফন করতে দিচ্ছেন না ইয়াহিয়ার বড় ভাইয়ের ছেলে দরবারের ‘গদিনাশিন পীর’ ইয়ামিনুল হাসান চিশতী।
মিন্টু ডাকনামের এই ভাতিজা দরবারে চাচার দাফন ঠেকাতে জেলা প্রশাসন হয়ে শেষ পর্যন্ত উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন, যে কারণে নয় দিন ধরে ইয়াহিয়ার লাশ পড়ে আছে শমরিতা হাসপাতালের মরচুয়ারিতে।
এই হাসপাতালের মহাব্যবস্থাপক নুরুল ইসলাম তুহিন সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চিকিৎসাধীন অবস্থায় এই হাসপাতালের সিসিইউতে ইয়াহিয়ার মৃত্যু হয়। পরে তার মরদেহ মরচুয়ারিতে রাখা হয়। ‘দুয়েকদিনের মধ্যে’ তার মরদেহ নিয়ে যাবে বলে তারা জানিয়েছে।
শমরিতা হাসপাতালে লাশটি রেখে গেছেন মৃত পীরের খালু শ্বশুর কাজী খেলাফত হোসেন বাচ্চু। তিনি জানান, ইয়াহিয়ার বাবা ইয়াকুব হাসান ছিলেন ওই দরবার শরীফের পীর। দরবার শরীফের জায়গাটা আশির দশকের শুরুতে তার এক ভক্ত সরকারের কাছ থেকে ইজারা নিয়ে দেন। ইয়াকুব হাসানের দুই ছেলে, এর মধ্যে ইয়াহিয়া ছোট। তার কোনো সন্তান নেই। তিনি লিভার ক্যান্সারে ভুগছিলেন।
খেলাফত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইয়াহিয়ার বাবা মারা যাওয়ার পর তাকে ওই দরবার শরীফেই দাফন করা হয়। এরপর বড় ভাইকেও একই জায়গায় দাফন করা হয়। ইয়াহিয়ার মৃত্যুর পর তাই তার স্ত্রী চাইছিলেন বাবার কবরেই তাকে (ইয়াহিয়াকে) দাফন করা হোক।
“কিন্তু ইয়াহিয়ার বড় ভাইয়ের ছেলে যার ডাক নাম মিন্টু সে পুরোপুরি বেঁকে বসে। সে (ভাতিজা) হয়ত ভাবছে, ইয়াহিয়াকে ওখানে দাফন কররে তার আধিপত্য খর্ব হবে। কিন্তু ইয়াহিয়ার তো কোনো সন্তান নেই, তার স্ত্রী মালা আক্তার শুধু চায় তার স্বামী নিজের বাবার কাছে থাকুক। এখন এ নিয়ে বিবাদ ২৪ ডিসেম্বর থেকে লাশ মরচুয়ারির ফ্রিজে রাখা আছে।”
ইয়াহিয়া হাসানের মরদেহ দরবারে দাফন না করতে রিট আবেদন করেছেন তার ভাতিজা ইয়ামিনুল হাসান। তার পক্ষে সোমবার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি জমা দেন ব্যারিস্টার এম আতিকুর রহমান।
আতিকুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৯৭৯ সালে দরবার শরীফের জায়গাটা পীরের কাছে লিজ দেন ঢাকার জেলা প্রশাসক। লিজের অন্যতম শর্ত ছিল- এ জায়গা শুধু ধর্মীয় উপাসনার কাজে ব্যবহার করা যাবে। কিন্তু ইয়াহিয়া মারা গেলে তার স্বজনরা দরবার শরীফে তার মরদেহ দাফন করতে ঢাকার জেলা অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে আবেদন করেন।
পরে ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উভয়পক্ষকে ডেকে ইয়াহিয়া হাসানের লাশ দরবার শরীফের জায়গায় দাফন করতে বলেন। কিন্তু লিজের শর্ত ভঙ্গ হওয়ার কথা তুলে ধরে ওখানে দাফনে বিরোধিতা করেন ইয়ামিনুল হাসান।
“এরপরও অতিরিক্ত জেলা প্রশাসক ওই জায়গাতে দাফন করতে চাপ প্রয়োগ করলে ৩০ ডিসেম্বর পীর ইয়ামিনুল হাসান ঢাকা জেলা প্রশাসকের কাছে এর বিরুদ্ধে আবেদন করেন। তবে জেলা প্রশাসক সেই আবেদন নিষ্পত্তি না করে ফেলে রেখেছেন।”
আইনজীবী আতিকুর জানান, রিট আবেদনে জেলা প্রশাসনের কাছে দেওয়া দরখাস্তের নিষ্পত্তি চাওয়া হয়েছে। ভূমি সচিব, ঢাকার বিভাগীয় কমিশনার, ঢাকার জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং রমনার ওসিকে বিবাদী করা হয়েছে।
ইয়াহিয়ার দাফন নিয়ে পরবর্তী পদক্ষেপ জানতে চাইলে ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার সাজ্জাদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যক্তির ভাতিজা সেখানে দাফন হতে দেবেন না। অন্য দিকে মৃতব্যক্তির পরিবার সেখানে দাফন করতে চাচ্ছে। মৃত ব্যক্তির ভাইসহ সেখানে আরো দুয়েকজনের দাফন হয়েছে বলে মৃত পীরের স্বজনরা দাবি করছেন।
“এখন বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী, পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
