২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে গাড়ির ধাক্কায় প্রকৌশলী নিহত: আসামি ‘বদলে দেওয়ার’ অভিযোগ

রাজধানী ঢাকার মিরপুরে গাড়ির ধাক্কায় এক সফটওয়্যার প্রকৌশলী নিহতের ঘটনার মামলায় আসামি ‘বদলে দেওয়ার’ অভিযোগ করেছেন নিহতের স্ত্রী।

গোলাম মর্তুজা অন্তু গোলাম মর্তুজা অন্তু

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2022, 09:48 PM

Updated : 25 Oct 2022, 10:07 AM

মিরপুরের চিড়িয়াখানা সড়কে গত ১৪ ডিসেম্বর বিকালে হেঁটে যাওয়ার সময় থেমে থাকা একটি প্রাইভেট কার হঠাৎ চলতে শুরু করে ধাক্কা দিলে প্রাণ হারান সফটওয়্যার প্রকৌশলী মহিতুল আহম্মেদ রনি (৪২)।

দুর্ঘটনাস্থল থেকে ওই সময় স্থানীয় জনতা গাড়িসহ ইমরান ফাহমি নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দেন।

নিহত ব্যক্তির স্ত্রী সাবরিন মোসতারিনের অভিযোগ তারা ইমরানকে আসামি করেই মামলা করেছিলেন। পরে পুলিশ এজাহারে সেই আসামির নাম বদলে অন্য একজনকে আসামি করেছেন।

তবে পুলিশ বলছে, আসামির নাম বদলের কোনো সুযোগ নেই।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাদী যদি বলে এ কথা তাহলে তো হবে না। মামলার বাদী যার নাম লিখে এজাহার দিয়েছেন সেটি ‘অল্টার’ করার তো কোনো সুযোগ নেই। সেই অনুযায়ীই মামলা হয়েছে।

“এ মামলায় দুজন আসামি হতে পারে না। গাড়িচালক একজন। চালকের বিরুদ্ধে মামলা হয়েছে। ড্রাইভিং সিট থেকে যেই ব্যক্তি নামছিলেন তার বিরুদ্ধেই মামলা হয়েছে।”

পুলিশের ভাষ্য, ওই ঘটনায় তৌহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন নিহতের স্ত্রী সাবরিন মোসতারিন।

ওই দিনের ঘটনার বর্ণনা দিয়ে মামলার বাদী সাবরিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার স্বামী রনির জন্ম ও বেড়ে ওঠা মিরপুর ২ নম্বর এলাকায়। শিক্ষাজীবন শেষে ওই এলাকাতেই তিনি একটি সফটওয়্যার ফার্ম চালাতেন। বাসা থেকে হাঁটা দূরত্বে তার অফিস।

“গত ১৪ ডিসেম্বর বিকালে রনি অফিস থেকে বের হয়ে হেঁটে বাসায় ফেরার পথে সাদা রঙের একটি গাড়ি (ঢাকা মেট্রো গ-৪৫-২০৯৫) তাকে চাপা দেয়। সেইসঙ্গে আরও একটি রিকশা, মোটরসাইকেল ও গাড়িকে ধাক্কা দেয়। ঘটনার পর স্থানীয়রা গাড়িসহ এর চালক ইমরান ফাহমিকে হাতেনাতে ধরে ফেলে।“

সাবরিনের দাবি, ওই দিন সন্ধ্যায় মিরপুর থানায় গিয়ে এজাহারের যে প্রিন্টেড কপিতে তিনি স্বাক্ষর করেছিলেন তাতে আসামি হিসেবে ইমরানের নামই ছিল।

Image
দুর্ঘটনাস্থলে থাকা সাদা গাড়ি ও ঘটনর পরপরই ছুটে আসা স্থানীয় লোকজন। সিসি ক্যামেরার ফুটেজ থেকে নেওয়া ছবি।

দুর্ঘটনাস্থলে থাকা সাদা গাড়ি ও ঘটনর পরপরই ছুটে আসা স্থানীয় লোকজন। সিসি ক্যামেরার ফুটেজ থেকে নেওয়া ছবি।

এরপর তারা হাসপাতাল-মর্গ ছোটাছুটির মধ্যে ছিলেন। গভীর রাতে পুলিশের একজন উপপরিদর্শক হাসপাতালের এসে তার কাছ থেকে আরেকটি কপিতে স্বাক্ষর নিতে চান, যেখানে ইমরানের পরিবর্তে আসামির তালিকায় তৌহিদুলের নাম ছিল।

“এটা নিয়ে পুলিশের সঙ্গে অনেক বাগবিতণ্ডাও হয়েছে। কিন্তু পুলিশ তৌহিদুলকেই তখন আসামি করতে চায়,” যোগ করেন তিনি।

দুর্ঘটনার ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন মহিতুল। এসময় রাস্তার পাশে পার্ক করে রাখা সাদা রঙের টয়োটা গাড়িটি হঠাৎ চলতে শুরু করে মহিতুলকে ধাক্কা দিয়ে আরও একটি রিকশা, মোটরসাইকেল ও গাড়িকে ধাক্কা দিয়ে থেমে যায়।

ঘটনার পর লোকজন দৌড়ে আসেন। এসময় গাড়ির ডানপাশের দরজা খুলে একজনকে বের হতে দেখা যায়। স্থানীয় লোকজনের দাবি তারা গাড়িসহ ওই চালককে ধরে পুলিশে দিয়েছিলেন।

হাবিবুর রহমান নামের একজন গাড়ির মিস্ত্রি জানান, দুর্ঘটনা দেখে দৌড়ে এসে তারা লোকটিকে রক্তাক্ত অবস্থায় দেখেন। ঘটনাস্থল থেকে ইমরান নামের গাড়ির ওই চালককে আটক করেন।

“দুর্ঘটনার পর লোকটি (ইমরান) জানিয়েছিল, ভুলে গাড়ির এক্সিলারেটরে চাপ পড়ে ঘটনাটি ঘটেছে।“

নিহত মহিতুলের ভগ্নিপতি ঢাকা শিশু হাসপাতালের সহযোগী অধ্যাপক আবু তৈয়ব বলেন, “দুর্ঘটনার পর স্থানীয় লোকজন গাড়িসহ ইমরান ফাহমি নামে এক ব্যক্তিকে আটক করেছিলেন। আমরা যখন থানায় এজাহার করতে গেলাম তখন স্থানীয় কয়েকজন ব্যক্তি সঙ্গে ছিলেন। থানায় তারাই বললেন, তাদের হাতে আটক ব্যক্তির নাম ইমরান ফাহমি। আমরা সেভাবে এজাহার লিখলাম।

“তবে পুলিশ আমাকে বলল এজাহারে লেখেন ‘গাড়ি রেখে চালক পলাতক’। আমি বললাম চালক তো পলাতক হননি। আমরা তখন বলছি, এ কেস আমরা করবো না তাহলে। পরে রাত ২টার পর আমরা আবার থানায় আসলাম। আমরা সঠিকভাবে জানি ইমরান গাড়ি চালাচ্ছিলেন।“

মামলা দায়েরের ঘটনাক্রম বর্ণনা করে তিনি বলেন, “কিন্তু তখন পুলিশ বলল, ওসি সাহেব নেই পরদিন আসতে। পরদিন সকাল বেলা আবার এলাম। তখন আমাদের একটা ভিডিও দেখিয়ে পুলিশ বলল, উনি তৌহিদুল আলম। তিনিই গাড়ি চালাচ্ছিলেন বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন। তখন আমরা বললাম ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলছেন, তারা ইমরান নামে একজনকে গাড়িসহ ধরে দিয়েছেন। পুলিশের চাপা চাপিতে এরপর আমরা আর কথা বাড়াতে পারিনি।”

নিহতের স্ত্রী সাবরিন ও ভগ্নিপতি তৈয়বের দাবি, চালকের আসনে থাকা ইমরান গাড়িটির মালিক। দুর্ঘটনার পর ইমরানকে আটক করা স্থানীয়রা বলছেন, তার ড্রাইভিং লাইসেন্স নেই।

আসামির বিষয়ে আপত্তি দিয়ে বাদী এরকম অভিযোগ কেন করছেন জানতে চাইলে মিরপুর থানার ওসি বলেন, “তারা বলতে পারেন। তবে আমরা তদন্ত করে প্রমাণ করে দিতে পারব কে সেদিন গাড়িটি চালিয়েছেন।”