২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় ‘দলবেঁধে’ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৫

রাজধানী ঢাকার উত্তরায় দলবেঁধে এক তরুণীকে ধর্ষণের মামলায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2022, 01:06 AM

Updated : 02 Aug 2022, 02:26 PM

তারা হলেন- মো. সোহেল রানা, মো. জয়নাল আবেদীন, মো. মঈনুল হোসেন, মো. সুমন আলী ও মো. মাসুম আলী।

এই পাঁচ জনই নির্মাণ শ্রমিক বলে জানান উত্তরা বিভাগের বিমানবন্দর জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার তাপস কুমার দাস।

ওই তরুণী গত ২৫ ডিসেম্বর উত্তরায় একটি নির্মাণাধীন ভবনে গণধর্ষণের শিকার হন।  

অতিরিক্ত উপপুলিশ কমিশনার তাপস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোবাইল ফোনের মাধ্যমে পরিচয়ের পর ওই তরুণী গত ২৪ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া থেকে নির্মাণ শ্রমিক জহিরুলের সঙ্গে দেখা করতে ঢাকায় আসেন।

উত্তরা পূর্ব থানার ৬ নম্বর সেক্টর ২ নম্বর রোডের একটি নির্মাণাধীন বাসায় আসেন তিনি।

“পরের দিন ২৫ ডিসেম্বর রাত সাড়ে ১১টায় নির্মাণাধীন ওই বাসায় পাঁচজন নির্মাণ শ্রমিক জহিরুলকে হাত-পা বেঁধে মারধর করে এবং ওই তরুণীকে ধর্ষণ করে।“

তিনি বলেন, ৩০ ডিসেম্বর উত্তরা পূর্ব থানায় ‘দলবেঁধে’ ধর্ষণ মামলা করেন ওই তরুণী।

পুলিশ কর্মকর্তা তাপস জানান, বৃহস্পতিবার রাতে প্রথমে পুলিশ উত্তরা পূর্ব থানার ৬ নম্বর সেক্টর এলাকা থেকে সোহেল ও জয়নালকে গ্রেপ্তার করে।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে মঈনুল, সুমন ও মাসুমকে গ্রেপ্তার করা হয়।