ডিক্যাবের নেতৃত্বে লোটাস-মঈনুদ্দিন
কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসেয়িশন, বাংলাদেশের (ডিক্যাব) নতুন কমিটিতে ডেইলি সানের নির্বাহী সম্পাদক রেজাউল করিম লোটাস সভাপতি নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এই নির্বাচনে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইউএনবির বিশেষ প্রতিনিধি একেএম মঈনুদ্দিন।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি লোটাস এর আগে তিন মেয়াদে ডিক্যাবের সভাপতি ছিলেন।
২০২২ সালের জন্য এই কমিটির নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জ্যেষ্ঠ সাংবাদিক ফরিদ হোসেন।
তার সঙ্গে দৈনিক অবজারভারের বিজনেস এডিটর নিজামউদ্দিন আহমেদ ও মাছরাঙা টিভির হেড অব নিউজ রেজোয়ানুল হক রাজা নির্বাচন কমিশনার ছিলেন।
নতুন কমিটিতে সহসভাপতি পদে বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের কূটনৈতিক প্রতিবেদক তৌহিদুর রহমান, যুগ্ম সম্পাদক পদে বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি আবু হেনা ইমরুল কায়েস, কোষাধ্যক্ষ পদে স্পাইস টিভির প্রধান প্রতিবেদক এহসান জুয়েল ও দপ্তর সম্পাদক পদে এটিএন নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক আশিকুর রহমান অপু নির্বাচিত হয়েছেন।
কমিটিতে নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন বাসসের কূটনৈতিক প্রতিবেদক তানজিম আনোয়ার, বার্তা টোয়েন্টিফোর ডটকমের কূটনৈতিক প্রতিবেদক খুররম জামান, দৈনিক সময়ের আলোর কূটনৈতিক প্রতিবেদক এমএকে জিলানী, চ্যানেল টোয়েন্টিফোরের জ্যেষ্ঠ প্রতিবেদক মোর্শেদ হাসিব হাসান ও দৈনিক জবাবদিহির কূটনৈতিক প্রতিবেদক আতিকুর রহমান।
নির্বাচনের আগে জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাবের বিদায়ী কমিটির সভাপতি পান্থ রহমানের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
