২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লঞ্চে আগুন: ঢাকায় দগ্ধ আরেকজনের মৃত্যু

ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের আগুনে দগ্ধ আরেক জনের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2021, 11:50 PM

Updated : 02 Aug 2022, 06:45 PM

নিহতের নাম মোসাম্মত শাহিনুর বেগম (৪৫)।

বুধবার সন্ধ্যা ৭টার কিছু পরে তিনি রাজধানী ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তার মারা যাওয়ার খবর জানিয়ে ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইউব হোসেন বলেন, শাহিনুর বেগমের শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল।

এদিকে ঝালকাঠিতে এমভি অভিযান ১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ষষ্ঠ দিনে নদীতে আরও দুই অজ্ঞাতপরিচয় মরদেহ ভেসে উঠেছে। তাদের একজন নারী আর অন্যজন পুরুষ।

এ নিয়ে লঞ্চে অগ্নিকাণ্ডের পর বুধবার দুপুর পর্যন্ত পাঁচজনের মরদেহ পাওয়া গেল।

শুক্রবার ভোরের দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চটিতে আগুন লাগলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। এখনও দগ্ধ হয়ে হাসপাতালে আছেন অর্ধশতাধিক।

এদিকে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় ঝালকাঠি থানায় দায়ের করা দুই মামলায় বুধবার দুপুরে পোড়া লঞ্চটি জব্দ করেছে পুলিশ।

আর বুধবার ঢাকায় বার্ন ইউনিটে আরও একজন মারা গেলেন।

গত শুক্রবার লঞ্চের আগুনে গুরুতর দগ্ধ শাহিনুর এবং তার স্বামী ও দুই সন্তানসহ চারজনকে ঢাকায় এনে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়।

এ পরিবারের অন্য সদস্যরা হলেন- শাহিনুরের স্বামী মো. বাচ্চু মিয়া (৫১), মেয়ে ইশরাত জাহান সাদিয়া (২২) ও ছেলে সাইফুল্লাহ মুন্সি সাদিক (১৬)।

তাদের গ্রামের বাড়ি বরগুনা জেলার বেতাগী উপজেলার শরিসাপুর। তারা কেরানীগঞ্জের জিনজিরা এলাকায় থাকেন।

বাচ্চু মিয়া ফার্মেসী ব্যবসায়ী। তার বাবা অসুস্থ থাকায়, চার বছর পর স্ব-পরিবারে জিনজিরা থেকে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন।

দগ্ধদের মধ্যে সাদিকের শরীরের অল্পকিছু অংশ, বাচ্চু মিয়ার ৪ শতাংশ, শাহিনুরের ৪০ শতাংশ এবং সাদিয়ার ২০ শতাংশ দগ্ধ হয়েছিল।

এদের মধ্যে সাদিককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল। বুধবার তার মা শাহিনুর খাতুন মারা গেলেন।