লঞ্চে আগুনের ঘটনায় দুই তদন্ত কমিটি
ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ এবং নৌপরিবহন মন্ত্রণালয়।
বিআইডব্লিউটিএ এর উপ-পরিচালক মিজানুর রহমান জানান, বন্দর ও পরিবহন বিভাগের অতিরিক্ত পরিচালক মো. সাইফুল ইসলামকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখে প্রতিবেদন দিতে বলা হয়েছে কমিটিকে।
নৌপরিবহন মন্ত্রণালেয়র সাত সদস্যের তদন্ত কমিটির আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে যুগ্মসচিব তোফায়েল আমেদকে। মন্ত্রণালয়ের উপসচিব আমিনুর রহমান কমিটির সদস্য সচিব হিসেবে কাজ করবেন
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান জানান, বিআইডব্লিউটিএ এর একজন, নৌপরিবহন অধিদপ্তরের একজন, নৌপুলিশ, জেলা প্রশাসন এবং ফায়ার সার্ভিসের একজন করে প্রতিনিধি রয়েছেন এই কমিটিতে। তদন্ত করে তিন কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে।
ঢাকা থেকে বরগুনা যাওয়ার পথে বৃহস্পতিবার রাত ৩টার দিকে অভিযান-১০ লঞ্চে আগুন লাগে। লঞ্চটি তখন ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের দিয়াকুল এলাকায় সুগন্ধা নদীতে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। শুক্রবার বেলা সাড়ে ১টা পর্যন্ত ৩৬ জনের লাশ উদ্ধারের তথ্য দেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তারাও একটি তদন্ত কমিটি করবে।
