২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মেট্রোরেল: ভায়াডাক্ট বসেছে কার্জন হল পর্যন্ত

ঢাকার মেট্রোরেলের নির্মাণ কাজ আরও একটু এগিয়েছে; উত্তরা থেকে শুরু হয়ে মতিঝিলে যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার কার্জন হল পর্যন্ত ভায়াডাক্ট বসানোর কাজ শেষ হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2021, 10:21 PM

Updated : 02 Aug 2022, 06:43 PM

পিয়ারগুলোর উপরে যে কংক্রিটের কাঠামো বসিয়ে যোগসূত্র তৈরি করা হয়, তাকে বলে ভায়াডাক্ট। ভায়াডাক্টের ওপরই বসবে রেললাইন, তার ওপর দিয়ে চলবে বৈদ্যুতিক ট্রেন।

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এন এম সিদ্দিক বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এরপর আমরা দুটি কাজ একসঙ্গে করছি- স্টেশন নির্মাণ এবং প্যারাপেট বসানো। এছাড়া রেলওয়ে ট্র্যাক বসানোরও প্রস্তুতি নিচ্ছি। এগুলো হলে রেলওয়ে ট্র্যাক বসবে।”

তবে আগারগাঁও থেকে ফার্মগেইট হয়ে কার্জন হলের পথে মেট্রোরেলের ট্রায়াল রান কবে হবে, তা এখনও ঠিক হয়নি।

গত ১২ ডিসেম্বর পরীক্ষামূলক যাত্রায় উত্তরার দিয়াবাড়ি ডিপো থেকে ১১ দশমিক ৭৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রথমবারের মত আগারগাঁও পর্যন্ত আসে যাত্রীবিহীন ট্রেন।

গত ২৯ অগাস্ট প্রথমবারের মতো মেট্রোরেলের ভায়াডাক্টের ওপর পরীক্ষামূলক ট্রেন চালানো হয়। সেদিন ৬টি বগি নিয়ে দিয়াবাড়ি ডিপো থেকে মিরপুর ১২ নম্বর স্টেশন পর্যন্ত গিয়ে আবর ডিপোতে ফিরে যায় ট্রেন। এরপর থেকে নিয়মিতই পরীক্ষামূলক যাত্রা চলছে।

ঢাকা মেট্রো রেল প্রকল্পের কাজ হচ্ছে ৮টি প্যাকেজের আওতায়। এরমধ্যে ৩ থেকে ৬ পর্যন্ত চারটি প্যাকেজের আওতায় ভায়াডাক্ট ও স্টেশন নির্মাণের কাজ চলছে।

উত্তরার দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১০ কিলোমিটারের এমআরটি-৬ লাইনের নির্মাণকাজ শুরু হয় ২০১৬ সালে। ডিএমটিসিএল এর সর্বশেষ তথ্য অনুযায়ী, এ প্রকল্পের সমন্বিত অগ্রগতি হয়েছে ৭২ দশমিক ৯৯ শতাংশ।

প্যাকেজ-৬ এর আওতায় কারওয়ানবাজার থেকে মতিঝিল পর্যন্ত ৪ দশমিক ৯২ কিলোমিটার ভায়াডাক্ট এবং ৪টি স্টেশন নির্মাণ হচ্ছে। এ প্যাকেজের বাস্তব অগ্রগতি হয়েছে ৭৬ দশমিক ১৮ শতাংশ।

এর আগে ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশের কাজ শেষ করার লক্ষ্য ছিল। কিন্তু মহামারীর প্রভাবে সেই গতি ধরে রাখা যায়নি।

ঢাকার প্রথম মেট্রোরেল লাইনের জন্য ২৪ সেট ট্রেন তৈরি করে দিচ্ছে জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়াম। দুই পাশে দুটি ইঞ্জিন আর চারটি কোচের সমন্বয়ে ট্রেনের সেটগুলো জাপানেই তৈরি হচ্ছে।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত আট সেট ট্রেন দেশে এসেছে। এর মধ্যে সাতটি ডিপোতে পৌঁছেছে। একটি সেট মোংলা বন্দর থেকে এ মাসের শেষে ঢাকায় আসার কথা রয়েছে।