২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কমলাপুর স্টেশনে ট্রেনে কাটা পড়ে হাই কোর্ট কর্মকর্তা নিহত

ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের এক কর্মকর্তা নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2021, 09:30 PM

Updated : 02 Aug 2022, 06:43 PM

বৃহস্পতিবার দুপুর সোয়া ১টায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রেলপুলিশ।

নিহত তারিকুজ্জামান বকুল (৪৫) হাই কোর্টের প্রশাসনিক কর্মকর্তা ছিলেন।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) এসআই  মো. শাহজাহান বলেন, “তারিকুজ্জামান কমলাপুর রেলস্টেশনের দুই নম্বর লাইনের দুই নম্বর প্লাটফর্ম দিয়ে হেঁটে যাওয়ার সময় অসতর্কতাবশত কমলাপুর থেকে ছেড়ে যাওয়া মোহনগঞ্জ এক্সপ্রেসে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।”

খবর পেয়ে পুলিশ দুপুর দেড়টায় সেখান থেকে তার মৃতদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এক ছেলে এক মেয়ের জনক তারিকুজ্জামান চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। পরিবারসহ তিনি মিরপুরের উত্তর পীরেরবাগ ভাড়া বাসায় থাকতেন।

তারিকুজ্জামানের স্ত্রী কুলসুম আরা খাতুনের বরাত দিয়ে এসআই শাহজাহান বলেন, তারিকুজ্জামান সকালে বাসা থেকে হাই কোর্টে অফিসের উদ্দেশে বেরিয়েছিলেন।

তিনি কমলাপুর রেলওয়ে স্টেশনে কেন গিয়েছিলেন, সে বিষয়ে পরিবারের সদস্যরা কোনো ধারণা দিতে পারেনি।

“এটি আত্মহত্যা না অন্য কিছু বিষয়টি  তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বিস্তারিত বলা যাবে,” বলেন এসআই শাহজাহান।