মালদ্বীপে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা, ৩ চুক্তি-এমওইউ সই
বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে একটি চুক্তি এবং দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার মালদ্বীপের রাজধানী মালেতে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই নেতার উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় বলে বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের খবরে জানানো হয়।
চুক্তিটি করা হয়েছে দুই দেশের আন্তঃবাণিজ্যে দ্বৈত কর পরিহারের লক্ষ্যে। স্বাস্থ্য সেবা সহযোগিতা এবং বাংলাদেশ থেকে চিকিৎসক পাঠানোর বিষয়ে যে সমঝোতা স্মারক মালদ্বীপের সঙ্গে ছিল, তার মেয়াদ বাড়ানো হয়েছে।
বাসস জানিয়েছে, বন্ধুত্বের প্রতীক হিসেবে মালদ্বীপকে ১৩টি সামরিক যান উপহার দিয়েছে বাংলাদেশ। এ অনুষ্ঠানে সেগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে মালেতে প্রেসিডেন্টের দপ্তরে পৌঁছালে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ তাকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে বৃহস্পতিবার দেওয়া হয় গার্ড অব অনার। ছবি: মালদ্বীপের প্রেসিডেন্টের দপ্তর
প্রধানমন্ত্রী দুই দেশের ‘লাইন অব প্রেজেন্টেশন’ পরিদর্শন করেন এবং পরে প্রেসিডেন্টের কার্যালয়ে দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে বুধবার মালদ্বীপে পৌঁছান প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।
ছয় দিনের এই সফরে প্রধানমন্ত্রী থাকছেন মালের হোটেল জিনে। সেখানেই বৃহস্পতিবার তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ নাশিদ এবং দেশটির প্রধান বিচারপতি উজ আহমেদ মুতাসিম আদনান।
মালেতে প্রেসিডেন্টের দপ্তরে ইব্রাহিম মোহাম্মদ সলিহর ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: মালদ্বীপের প্রেসিডেন্টের দপ্তর
শুক্রবার মালদ্বীপে প্রবাসী বাংলাদেশীদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী। সফর শেষে ২৭ ডিসেম্বর বিকেলে তার ঢাকা ফেরার কথা রয়েছে।
