২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি ‘আত্মরক্ষার্থে’: বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এক বাংলাদেশি নিহতের ঘটনায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বলেছে, ’আত্মরক্ষার্থে’ গুলি চালাতে বাধ্য হয়েছে তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2021, 07:12 PM

Updated : 02 Aug 2022, 06:43 PM

বুধবার বিএসএফের টুইটার অ্যাকাউন্ট থেকে এক পোস্টে বলা হয়, মঙ্গলবার গভীর রাতে ভারত ও বাংলাদেশের একদল চোরাকারবারি ‘বেআইনি মালামাল পাচার করার চেষ্টা’ করছিল। সে সময় তারা বিএসএফ এর জওয়ানদের ‘ঘিরে ফেলে এবং দা, বাঁশের লাঠি ও পাথর নিয়ে হামলা করে’।

“জওয়ানরা তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায় এবং স্টান গ্রেনেড ছোড়ে। কিন্তু তারা হামলা অব্যাহত রাখে। আমাদের জওয়ান আত্মরক্ষার্থে দুই রাউন্ড গুলি ছোড়ে। একটি গুলি একজন দুষ্কৃতীর গায়ে লাগে এবং তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

ঘটনাস্থল থেকে উদ্ধার করা ফেনসিডিল ও দায়ের ছবিও টুইটারে প্রকাশ করেছে বিএসএফ।

 

মঙ্গলবার গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিএসএফের গুলিতে একজন নিহত হওয়ার খবর আসে। নিহত আবু ইব্রাহিম (২৫) উপজেলার আজমতপুর ডলিপাড়ার আবু তাহেরের ছেলে।

এলাকাবাসী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, রাত ২টার দিকে ইব্রাহিম আজমতপুর থেকে সীমান্ত পার হয়ে ভারতে যান। এ সময় বিএসএফ সদস্যরা গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বিএসএফ মরদেহ নিয়ে যায়।

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত  

তবে ইব্রাহিম কেন সীমান্ত পার হয়েছিলেন সে বিষয়ে স্থানীয়রা নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

ভারতের সঙ্গে আলোচনায় সবসময় বাংলাদেশের বড় ধরনের উদ্বেগের বিষয় হয়ে থাকে সীমান্ত হত্যা। সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনার আশ্বাস বরাবরই ভারতের পক্ষ থেকে আসছে। কিন্তু তা থামছে না।

ভারত বারবার বলে আসছে, চোরাচালানসহ আন্তঃসীমান্ত বিভিন্ন অপরাধের কারণেই ঘটছে এসব প্রাণহানি। আর বেশিরভাগ ঘটনাই ঘটছে ভারত সীমান্তের ভেতরে। 

Image
ফাইল ছবি

ফাইল ছবি

মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের হিসাব বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ভারত সীমান্তে গুলিতে ও নির্যাতনে নিহত হয়েছে অন্তত ১১ বাংলাদেশি। ২০২০ সালের ১২ মাসে এই সংখ্যা ছিল ৪৮ জন।

সংস্থাটির আরেক পরিসংখ্যানে দেখা যায়, ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত পাঁচ বছরে সীমান্তে ১৫৮ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।