২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারপতি সিনহার মামলায় শাহজাহান ও নিরঞ্জনকে আত্মসমর্পণের নির্দেশ

ঋণ আত্মসাৎ ও পাচারের মামলায় দণ্ডিত সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার দুই সহযোগী টাঙ্গাইলের বাসিন্দা শাহজাহান ও নিরঞ্জন চন্দ্র সাহাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2021, 04:56 PM

Updated : 02 Aug 2022, 06:43 PM

শাহজাহান ও নিরঞ্জনের খালাসের রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আপিল শুনানির জন্য গ্রহণ করে বুধবার রুলসহ এ আদেশ দেয় বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো.মোস্তাফিজুর রহমানের হাই কোর্ট বেঞ্চ।

খালাসের রায় বাতিল করে কেন তাদের সাজা দেওয়া হবে না, জানতে চাওয়া হয়েছে রুলে। দুই বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে দুদকের পক্ষে শুনানিকারী খুরশীদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুদকের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন আদালত। তাদের সাজা বাতিল প্রশ্নে রুল দিয়ে দুজনকে অত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন।”

কত দিনের মধ্যে আত্মসমর্পণ করতে বলা হয়েছে- জানতে চাইলে এ আইনজীবী বলেন, “নির্দিষ্ট করে আদালত কিছু বলেননি, তবে অবিলম্বেই আত্মসমর্পণ করতে হবে। আর আত্মসমর্পণ করে জামিন চাইলে তাদের জামিন দিতে বলেছেন আদালত।”

দুদকের এই মামলার দুটি ধারায় গত ৯ নভেম্বর সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে ১১ বছরের কারাদণ্ড দেন ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম।

রায়ের পর্যবেক্ষণে তিনি বলেন, প্রভাব খাটিয়ে বিধিলঙ্ঘন করে ঋণ অনুমোদন করার পর সেই অর্থ যে পাচার হয়েছিল, সেটা মামলায় প্রমাণিত হয়েছে।

শাহজাহান ও নিরঞ্জন চন্দ্র সাহাকে খালাস দেওয়া হলেও তাদের নামে ব্যাংক হিসাব থেকেই সিনহার হিসাবে টাকা সরানো হয়েছিল।

তাদের খালাসের পেছনে যুক্তি দিয়ে বিচারক নাজমুল বলেছিলেন, শাহজাহান ও নিরঞ্জনকে ‘ব্যবহার করে’ এস কে সিনহা ঋণ নেন ও পাচার করেন।

জালিয়াতির মাধ্যমে ঋণ আত্মসাতে ‘সহযোগিতার’ জন্য ওই মামলায় ফারমার্স ব্যাংকের সাবেক এমডি এ কে এম শামীমকে দেওয়া হয় চার বছরের কারাদণ্ড।

এছাড়া ফারমার্স ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতীর (বাবুল চিশতী), ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায়, ভাইস প্রেসিডেন্ট মো. লুৎফুল হক, সাবেক এসইভিপি গাজী সালাহউদ্দিন, সাবেক ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সাফিউদ্দিন আসকারী, টাঙ্গাইলের বাসিন্দা রনজিৎ চন্দ্র সাহা এবং তার স্ত্রী সান্ত্রী রায়কে দেওয়া হয় তিন বছর করে কারাদণ্ড।

গত সোমবার শাহজাহান ও নিরঞ্জন চন্দ্র সাহার খালাসের বিরুদ্ধে হাই কোর্টে আপিল করে দুদক।

আপিলের ক্ষেত্রে দুদকের যুক্তি, শাহজাহান ও নিরঞ্জন এই দুর্নীতির সহযোগী, তারা ঋণ আবেদন না করলে অপরাধটা ঘটত না।