২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবসের আগেই পরিচয়পত্র পাবেন মুক্তিযোদ্ধারা: মন্ত্রী

আগামী স্বাধীনতা দিবসের আগে সব বীর মুক্তিযোদ্ধাকে সরকারিভাবে পরিচয়পত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2021, 08:07 PM

Updated : 08 Apr 2022, 12:02 AM

বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার ঢাকার ধানমণ্ডিতে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি কার্যালয়ে সংগঠনটির এক আলোচনা সভায় একথা জানান তিনি।

মন্ত্রী বলেন, “আগামী ২৬ মার্চের মধ্যে সকল বীর মুক্তিযোদ্ধাকে পরিচয়পত্র প্রদান করা হবে। এতে বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক নিরাপত্তা সম্বলিত ব্যবস্থা থাকবে।  এলক্ষ্যে দরপত্র প্রক্রিয়া ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।”

বীর মুক্তিযোদ্ধাদের ভাতার অর্থ বাড়ানোসহ তাদের কল্যাণে ইতোপূর্বে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও বলেন মন্ত্রী মোজাম্মেল হক।

“সরকার বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করে ২০ হাজার করেছে। বীর মুক্তিযোদ্ধারা দেশের যে কোনো বিশেষায়িত সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পাবেন। বীর মুক্তিযোদ্ধারা যাতে সম্মানজনক জীবন যাপন করতে পারে বর্তমান সরকার তার সকল ব্যবস্থাই করছে।"

সব অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বসত ঘর নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে জানিয়ে তিনি বলেন, “বিভিন্ন এলাকায় এসব ঘর নির্মাণ হয়েছে, কোথাও কোথাও কাজ চলমান আছে।”

এছাড়া সরকার জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে শহীদ ও মৃত বীর মুক্তিযোদ্ধাদের কবর ও স্মৃতিস্তম্ভ একই নকশায় তৈরি করছে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী।

অন্যদিকে মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা তৈরি করা ছাড়াও দেশের ৬৪ জেলা ও ৪০১টি উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ সম্পন্ন হওয়ার কথা জানান তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি কাজী রিয়াজুল হক, সমিতির মহাসচিব আবু আলম মো. শহিদ খানসহ সমিতির অন্যান্য নেতারা বক্তব্য দেন।