মুজিববর্ষে সাইকেল পেল একশ ঢাবি শিক্ষার্থী
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ডাকসুর উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একশ অসচ্ছল মেধাবী শিক্ষার্থীকে দেওয়া হল সাইকেল।
সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ে টিএসসির পায়রা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে এই সাইকেল বিতরণ করা হয়।
২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রলীগ প্যানেল থেকে নির্বাচিত স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরীর এই উদ্যোগে সহযোগিতা করেছে নাভানা গ্রুপ।
সাইকেল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান।
উপাচার্য বলেন, “মহান মুজিববর্ষে একশ শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করাও একটি মাইলফলক। পরিবেশবান্ধব এই উদ্যোগের আমরা প্রশংসা করি। আমরা যে মাস্টারপ্ল্যান প্রণয়ন করেছি, সেখানে ওয়াকওয়ে ও বাইসাইকেলের জন্য আলাদা পরিকল্পনা আছে।"
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান অনুষ্ঠানে বলেন, “এই ধরনের উদ্যোগ ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ভূমিকার পুনরাবৃত্তি এবং ছাত্রলীগকে নতুন করে পরিচয় করিয়ে দিল যে বাংলাদেশ ছাত্রলীগ যথার্থই মানুষের জন্য কাজ করে।”
ছাত্রলীগকে অতীতের গৌরবোজ্জ্বল ভূমিকা ধরে রাখার আহ্বান জানিয়ে আব্দুর রহমান বলেন, “বাংলাদেশ আওয়ামী লীগের বহু অঙ্গসংগঠন রয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ সর্বপ্রথম যা ভাবে, বাকি সংগঠন তা পরে ভাবে। এটাই হলো ছাত্রলীগের ইতিহাস।”
অনুষ্ঠানে সাদ বিন কাদের চৌধুরী বলেন, “আমাদের প্রতিশ্রুতি ছিল মুজিববর্ষে আমরা বিশ্ববিদ্যালয়ের একশ শিক্ষার্থীকে বাইসাইকেল উপহার দেব। করোনাভাইরাসের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় সেটি সম্ভব হয়নি।
“আমাদের এই বাইসাইকেলের জন্য ১৪শ শিক্ষার্থী আবেদন করেছিল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সহযোগিতায় তাদের সাক্ষাৎকার নিয়ে ২৮০ জনকে বাছাই করা হয়। সেখান থেকে লটারির মাধ্যমে একশজনকে সাইকেলের দেওয়া হল।"
অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রেবেকা সুলতানা, নাভানার গ্রুপ সিইও ওয়াহেদ আজিজুর রহমান, ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ডাকসুর এজিএস জনাব সাদ্দাম হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
