ইসি নিয়োগে সংলাপ-সার্চ কমিটিতে ফল আসে না: টিআইবি
সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন কাঙ্ক্ষিত ফল না আনায় রাষ্ট্রপতির সংলাপ ‘যথেষ্ট নয়’ বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
নতুন নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতি সংলাপ শুরুর দিন এক বিবৃতিতে এই মতামত জানিয়ে সংস্থাটি ইসি নিয়োগে অবিলম্বে আইন প্রণয়নের দাবি জানিয়েছে।
নির্বাচন কমিশনার নিয়োগের এখতিয়ার রাষ্ট্রপতির হলেও একটি আইনের অধীনে তা হওয়ার উল্লেখ রয়েছে সংবিধানে।
সাংবিধানিক সংস্থা ইসির সদস্য নিয়োগের সেই আইনটি স্বাধীনতার পঞ্চাশ বছরেও না হওয়ায় প্রতিবারই ইসি গঠন নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক তৈরি হয়।
মো. জিল্লুর রহমান রাষ্ট্রপতি থাকাকালে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সার্চ কমিটি গঠনের মাধ্যমে ইসি নিয়োগ দেওয়ার পর আবদুল হামিদও সেই প্রক্রিয়া অনুসরণ করে আসছেন।
এই প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একটি সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি। সার্চ কমিটির সদস্যরা নতুন নির্বাচন কমিশনারদের নাম প্রস্তাব করেন। তাদের মধ্য থেকে বেছে নিয়োগ দেন রাষ্ট্রপতি।
পরপর দুবার সার্চ কমিটির মাধ্যমে ইসি গঠনের ব্যবস্থা হলেও বিতর্ক থামেনি। তার মধ্যেই নতুন ইসি নিয়োগের প্রক্রিয়া শুরু হল।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “সংলাপ নিয়ে অধিকাংশ রাজনৈতিক দলের তেমন কোনো তাগিদ বা উচ্ছ্বাস নেই।
“অতীত অভিজ্ঞতা অনুযায়ী এই ধরনের সংলাপের মাধ্যমে সার্চ কমিটি করে গঠিত ইসি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চূড়ান্তরূপে ব্যর্থ হয়েছে।”
স্বাধীন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ইসি গঠনে রাষ্ট্রপতি অবিলম্বে ‘কার্যকর ভূমিকা’ নেবেন বলে প্রত্যাশা করছে টিআইবি।
ইসি গঠনে সাংবিধানিক প্রতিশ্রুতি বাস্তবায়নে অবিলম্বে আইন প্রণয়নের দাবি জানিয়ে ইফতেখারুজ্জামান বলেন, “২০১২ এবং ২০১৭ সালে রাষ্ট্রপতির সাথে সংলাপের পর গঠিত দুটি নির্বাচন কমিশনই ব্যাপকভাবে বিতর্কিত ও সমালোচিত হয়েছে।
“নাগরিক সমাজের পক্ষ থেকে দীর্ঘদিন যাবৎ নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের প্রস্তাব করা হলেও, তা বিবেচনায় নেওয়া হয়নি। নির্বাচন কমিশনের প্রতি জনগণের আস্থা ফেরাতে অবিলম্বে নির্বাচন কমিশন আইন গঠন এবং সেই আইন অনুযায়ী ইসি নিয়োগের বিকল্প নেই।”
কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন বর্তমান ইসির মেয়াদ শেষ হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। তার আগেই নতুন ইসি নিয়োগ দিতে হবে রাষ্ট্রপতিকে। ত্রয়োদশ এই ইসির নেতৃত্বে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
চলমান পদ্ধতি অনুযায়ী, রাষ্ট্রপতি দলগুলোর মতামত শুনে একটি সার্চ কমিটি গঠন করবেন। সেই কমিটির সদস্যরা ইসি নিয়োগে কমিশনারদের নাম প্রস্তাব করবেন। প্রস্তাবিত সেই নামগুলো থেকে নির্বাচন কমিশনার নিয়োগ দেবেন রাষ্ট্রপ্রধান।
সংবিধান অনুযায়ী, ইসি গঠিত হবে একজন সিইসিসহ অনধিক পাঁচজনকে নিয়ে।
আইন না হলেও এই পদ্ধতিকে ‘আইনের মতোই’ বলছেন আইনমন্ত্রী আনিসুল হক। তবে আইন প্রণয়নের উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতিও দিচ্ছেন তিনি।
