সড়ক থেকে ট্রেইলর চুরি, ৩ দিনেও খোঁজ মেলেনি
ঢাকার শ্যামপুর থেকে চুরি হয়েছে ভারী মাল পরিবহনে ব্যবহৃত একটি আট চাকার ট্রেইলর।
পুলিশ পরিচয় দিয়ে একটি রেকার দিয়ে ট্রেলারটি টেনে নিয়ে যাওয়া হয় বলে ট্রেইলরটির মালিক স্থানীয়দের কাছ থেকে শুনেছেন।
তবে ট্রেইলারটি নেওয়ার সঙ্গে পুলিশের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে কদমতলী থানা।
সড়কের পাশে রাখা ট্রেইলরটি আবার ঢাকার এক পুলিশ পরিদর্শকের বলে স্থানীয়রা জানতেন। তবে এর মালিকপক্ষও তা অস্বীকার করেছে।
ট্রেইলরটি নিজেদের বলে জানিয়েছেন এ এম কার্গো সার্ভিসেস।
প্রতিষ্ঠানটির প্রশাসনিক কর্মকর্তা মো. আল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রেইলরটি শ্যামপুর এলাকায় রাস্তার পাশে রাখা ছিল। শনিবার মধ্যরাতে একদল লোক একটি রেকার নিয়ে এসে সেটি টেনে নিয়ে যায়।
“এসময় আশপাশের লোকজন জানতে চাইলে লোকগুলো নিজেদের পুলিশ পরিচয় দিয়ে বলে, এটা রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে সরিয়ে নেওয়া হচ্ছে।”
এত বড় যানটি তারা কোথায় হাপিস হয়ে গেল, তা তিন দিনেও খুঁজে পাননি বলে জানান আল আমিন।
এই ধরনের লো বেড ট্রেইলর এক্সক্যাভেটর, বুলডোজার, জেনারেটরের মতো ভারী সরঞ্জামসহ অন্যান্য ভারী মালামাল পরিবহনে ব্যবহৃত হয়। ট্রেলারের সামনে একটি প্রাইমমুভার জুড়ে দিয়ে এটিতে মালামাল পরিবহন করা হয়। ইঞ্জিনবিহীন শুধু ট্রেইলারের কোনো নিবন্ধন প্রয়োজন হয় না।
ট্রেইলারটি এক পুলিশ কর্মকর্তার- স্থানীয়দের এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে এ এম কার্গো সার্ভিসেসের মালিক মারুফ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা আমাদের ২২ বছরের পুরনো পারিবারিক ব্যবসা। যারা বলছেন এর মালিক পুলিশ কর্মকর্তা, তারা ঠিক বলেননি।”
তবে কদমতলী থানার ওসি প্রলয় কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার পুলিশের একজন পরিদর্শক তাকে ফোন করে ট্রেইলরটি চুরি হওয়ার কথা জানিয়েছিল।
থানায় এসে অভিযোগ দেবেন বলে ফোনে জানালেও সোমবার পর্যন্ত ট্রেইলরটির কোনো মালিক থানায় আসেনি বলে জানান ওসি।
