আশ্রয়নের প্রকল্প পরিচালক পদোন্নতি পেয়ে দুদকের সচিব
পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন জনপ্রশাসনের পাঁচজন কর্মকর্তা। একই সঙ্গে আরও ছয়জন সচিব ও সচিব পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
সোমবার পাঁচজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করে পদায়ন করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মো. মাহবুব হোসেনকে পদোন্নতি দিয়ে দুর্নীতি দমন কমিশনের সচিব করে পাঠানো হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মু আব্দুল হামিদ জমাদ্দারকে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) সচিবালয়ের সচিব করা হয়েছে।
রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হুমায়ুন কবিরকে পদোন্নতি দিয়ে রেলপথ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নূরী পদোন্নতি পেয়ে সচিব হলেও রাজউকেই একই পদে থাকছেন।
বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মদ সাইফুল হাসান বাদল পদোন্নতির পর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন।
এছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেনকে জ্বালানি ও খানিজ সম্পদ বিভাগে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রাণালয়ের সচিব মো. সায়েদুল ইসলামকে কৃষি মন্ত্রণালয়ের বদলি করা হয়েছে।
ওই প্রজ্ঞাপনে নতুন দপ্তরে বদলি হওয়া বাকি চার সচিব হলেন- দুর্নীতি দমন কমিশনের সচিব মু আনোয়ার হোসেন হাওলাদার, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. আবু ছিদ্দীক, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর মো. মঞ্জুর হোসেন ও পরিকল্পনা কমিশনের সচিব রমেন্দ্রনাথ বিশ্বাস।
তাদের যথাক্রমে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে, সেতু বিভাগ ও বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে বদলি করা হয়েছে।
