২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে আয় করে ব্যয় করতে হবে: মন্ত্রী

সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের মতো স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আয় বাড়ানোর দিকে নজর দিতে বলেছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2021, 06:24 PM

Updated : 02 Aug 2022, 06:43 PM

রোববার ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘কার্যকর স্থানীয় সরকার জাতীয় কনভেনশনে’ তিনি একথা বলে আয় থেকে ব্যয় করার আহ্বান জানান।

তাজুল বলেন, স্থানীয় সরকারের ‘মূল স্পিরিট’ হচ্ছে আয় করে ব্যয় করা।

আয় বাড়াতে নানা পথ খুঁজতে জনপ্রতিনিধিদের পরামর্শ দেন তিনি।

“আপনি তো মানুষকে পিঠাইয়া টাকা নিতে পারবেন না। আপনি তো মানুষের সরকার, ভাগ্যের পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ক্ষমতায় এসেছেন। আয় কীভাবে বাড়াবেন সেই চিন্তা করবেন। প্রতিটি এলাকার আয়ের পথ আলাদা হতে পারে।”

কর বাড়িয়ে আবার সেবার মান বাড়ালে জনগণের বিরাগভাজন হতে হবে না বলে মনে করেন স্থানীয় সরকারমন্ত্রী।

“আপনি রাজস্ব নিলে ভোট কমে যাবে, সেটা ঠিক না। জনগণের সাথে সম্পৃক্তরা বাড়লে আপনার আয় বাড়বে, সম্পৃক্ততা বাড়লে ভোট বাড়বে।”

মর্যাদাশীল ও শক্তিশালী হবে।”

স্থানীয় সরকার জনপ্রতিনিধিদেরকে নিয়মিত অফিস করার পাশাপাশি সরকারি কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালনের পরামর্শও দেন মন্ত্রী তাজুল।

স্থানীয় সরকার ব্যবস্থায় কিছু সমস্যা আগে যেমন ছিল এখনও রয়েছে মন্তব্য করে তিনি বলেন, “এমনকি গ্রেট ব্রিটেনেও সমস্যা আছে। এদের সমস্যা কীভাবে সমাধান হয়? তাদের কাউন্সিলররা নিয়মিত অফিসে যায়, তারা অফিসে গিয়ে মানুষের কথাবার্তা শোনে, এরপর সমাধান করে।”

স্থানীয় সরকার ব্যবস্থার মূল কাঠামো সঠিক থাকলেও ভেতরে দুর্বলতা আছে বলে স্বীকার করেন মন্ত্রী তাজুল।

“কোথাও কোথাও উইকনেস নেই সেই কথা আমি বলব না। যথেষ্ট উইকনেস আছে অথবা রিফর্মেশনের সুযোগ আছে, অথবা আরও ডেভলমমেন্টের সুযোগ আছে।”

স্থানীয় সরকার ব্যবস্থায় জনপ্রতিনিধিরা যেমন গুরুত্বপূর্ণ তেমন আমলাদের গুরুত্ব অস্বীকার করা যাবে না বলে মন্তব্য করেন তিনি।

“ব্যুরোক্রেসিকে আপনারা অস্বীকার করতে পারবেন না। জনপ্রতিনিধিরা এদেশের নাগরিক, আর ব্যুরোক্রেট যারা আছেন, তারাও এদেশের নাগরিক।”

জনপ্রতিনিধিদের স্থানীয় সরকার প্রতিষ্ঠানে দায়িত্ব পালনে সরকারি কর্মকর্তাদের ‘যথাযথ সম্মান’ দেওয়ার আহ্বানও জানান মন্ত্রী।

“আমি যদি সিভিলাইজড হয়ে থাকি, তাহলে আমি বিশ্বাস করি, রেসপেক্ট করতে আমি কোনো হেজিটেড (ইতস্তত) করব না। যেমন আমার অধীনে কাজ করেন সচিব, অতিরিক্ত সচিবরা। আমি তো তাকে অসম্মান করতে পারি না, তুচ্ছ তাচ্ছিল্য করতে পারি না।”

গভার্নেন্স এডভোকেসি ফোরামের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের চেয়ারপার্সন ও পিকেএসএফের চেয়ারম্যান কাজী খলীকুজ্জামান আহমদ।

গভার্নেন্স এডভোকেসি ফোরামের সমন্বয়কারী ও ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী স্থানীয় সরকার আইনের বিভিন্ন ক্ষেত্রে সংশোধন করাসহ বেশ কিছু দাবি তুলে ধরেন।

সিটি করপোরেশন, পৌরসভা ও জেলা পরিষদ আইন সংশোধন প্রক্রিয়াধীন বলে জানান মন্ত্রী  তাজুল।