কভার্ড ভ্যান থেকে রপ্তানির পোশাক চোর চক্রের ৫ জন গ্রেপ্তার
চালক ও গাড়ির মালিকের সঙ্গে যোগসাজশে প্রতিদিন রপ্তানির পোশাকবাহী কভার্ড ভ্যান থেকে পণ্য চুরি করে- এমন এক চক্রের পাঁচজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার বলছেন, এসব চুরি করা পোশাক আবার অফ্রিকা, নেপাল কিংবা দেশের বাজারে বিক্রি করত চক্রটি। কিছু গাড়িচালক, অসাধু ক্রেতা এবং সিঅ্যান্ডএফ এজেন্টও এর সঙ্গে জড়িত।
গ্রেপ্তাররা হলেন- মো.সবুজ (৩০), মো. মোতাহার হোসেন (৩৮), মো. হানিফ (৩৭), মো.নজরুল ইসলাম (২০) এবং মো.আবুল কাশেম (২১)। শনিবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে হাফিজ আক্তার বলেন, এনভয় গ্রুপের কারখানা অ্যাপারেলস লিমিটেডের পাঠানো চালান থেকে পোশাক চুরির একটি মামলার তদন্ত করতে গিয়ে ওই চক্রের সন্ধান পায় পুলিশ।
অ্যাপারেলস লিমিটেডের ওই পণ্য চালানে ৫৩ হাজার পোশাক ছিল। ঢাকা থেকে কভার্ড ভ্যান চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর আগেই প্রায় ৬০ লাখ টাকার পোশাক চুরি হয়ে যায়।
এ ঘটনায় ঢাকার উত্তরা পশ্চিম থানায় মামলা করে কারখানা কর্তৃপক্ষ। পরে মামলার তদন্তভার পায় গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগ।
হাফিজ আক্তার বলেন, “মামলার তদন্তে একটি চোর চক্রের সন্ধান পাওয়া যায়, যারা প্রতিদিন একাধিক রপ্তানিমুখী গার্মেন্টস পণ্যবাহী কভার্ড ভ্যান থেকে পথিমধ্যে ড্রাইভার ও গাড়ির মালিকের সাহায্যে কৌশলে কার্টন থেকে পণ্য চুরি করে।”
তিনি বলেন, চট্টগ্রাম বন্দরে যাওয়ার পথে কভার্ড ভ্যানের কার্টন থেকে পণ্য সরিয়ে সেগুলো আগের মত করে গুছিয়ে রাখা হত। গাড়ির চালক নির্ধারিত জায়গায় চালান পৌঁছে দিত। পরে বিদেশি ক্রেতারা পণ্য কম পাওয়ায় দেশে কারখানা কর্তৃপক্ষকে দায়ী করত।
গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার বলেন, “বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বড় অবদান রাখে গার্মেন্টস খাত। রপ্তানি আয়ের মূল খাত এই গার্মেন্টস ব্যবসার উপর দেশের প্রায় দুই কোটি লোকের জীবিকা নির্ভর করে। সাম্প্রতিক সময়ে রপ্তানিমুখী গার্মেন্টস পণ্য চুরির ফল বাংলাদেশের ভাবমূর্তি নষ্টের পাশাপাশি বিদেশি ক্রেতা হারাতে হচ্ছে, যা এ খাতকে চ্যালেঞ্জের দিকে নিয়ে যাচ্ছে।”
ওই চক্রে আর কারা জড়িত, কতদিন ধরে কী পরিমাণ পোশাক তারা চুরি করেছে- সেসব তথ্য জানতে গ্রেপ্তার পাঁচজনকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে বলে জানান হাফিজ আক্তার।
