২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণে সহায়তা: এএসআই ও স্ত্রীর বিরুদ্ধে মামলা

ধর্ষণের এক মামলায় পুলিশের এক এএসআই ও তার স্ত্রীকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ মূল আসামিকে সহায়তা করার।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2021, 05:27 PM

Updated : 02 Aug 2022, 06:43 PM

ঢাকার মহানগর হাকিম বেগম তামান্না ফারাহর আদালতে রোববার এক কলেজছাত্রী এ মামলা করেন।

মামলায় প্রধান আসামি করা হয়েছে হাফিজুর রহমান মেহেদী নামে এক ব্যক্তিকে।

অন্য দুই আসামি হলেন ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানায় কর্মরত সহকারী উপ-পরিদর্শক ওলিউল্লাহ সরকার সোহেল ও তার স্ত্রী রোকেয়া রুনা।

প্রধান আসামি মেহেদী অন্য আসামি রোকেয়া রুনার ভাই, অর্থাৎ পুলিশ কর্মকর্তা সোহেলের শ্যালক। আর বাদী সোহেলের বাসায় সাবলেট থাকতেন।

বাদীপক্ষের আইনজীবী আজাদ রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে মামলাটি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তভার দিয়েছেন। পিবিআইকে তদন্ত করে আগামী ২৬ জানুয়ারী প্রতিবেদন আদালতে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।”

মামলার অভিযোগ অনুযায়ী, সোহেল-রোকেয়ার বাসার একটি কক্ষ গত বছরের জানুয়ারি মাসে ভাড়া নিয়েছিলেন বাদী। বোনের বাসায় মেহেদীর আসার সুবাদে তার সঙ্গে বাদীর পরিচয়। এর ধারাবাহিকতায় মেহেদী যৌন সম্পর্কের প্রস্তাব দিলে বাদী তাকে আগে বিয়ে করতে বলেন। তখন মেহেদী তাতে রাজি হন। গত ২১ মার্চ একটি হলফনামা তৈরি করে মেহেদী বিয়ের কথা বলেন এবং ৬ লাখ টাকার একটি কাবিননামাও দেখান বাদীকে। এরপর বিবাহিত হিসেবে তারা ওই বাসায়ই থাকছিলেন।

এরপর মেহেদী দুই দফায় বাদীর কাছ থেকে ১ লাখ টাকা এবং সোহেল ও রোকেয়া আরও ৫০ হাজার টাকা ধার নেন বলে দাবি ওই কলেজছাত্রীর।

মামলায় বলা হয়, এর মধ্যে বাদী গর্ভবতী হলে গত ৩০ অক্টোবর আসামিরা জোর করে তাকে ওষুধ সেবন করিয়ে গর্ভপাত ঘটায়। এরপর গত ২ নভেম্বর মেহেদী তার কর্মস্থল ময়মনসিংহ চলে যান। পরে যোগাযোগ করলে তিনি বলেন যে তিনি বিয়ে করেননি, ভুয়া হলফনামা দেখিয়েছিলেন।

এসময় বাদী জানতে পারেন, মেহেদী বিবাহিত এবং তার সন্তানও রয়েছে। এই তথ্যটি আসামিদের কেউ আগে তাকে জানায়নি বলে তার ভাষ্য।

এরপর গত ১২ নভেম্বর পুলিশ কর্মকর্তা সোহেল ও রোকেয়া তাদের বাসা থেকে বাদীকে বের করে দেন বলে বাদীর অভিযোগ।

মামলার মূল অভিযোগে বলা হয়, বিয়ের নামে প্রতারণার মাধ্যমে মেহেদী তাকে দিনের পর দিন ধর্ষণ করেন, আর গোটা প্রক্রিয়ায় তাকে সহযোগিতা করেন তার বোন রোকেয়া ও ভগ্নিপতি সোহেল।

এই অভিযোগের বিষয়ে পুলিশ কর্মকর্তা সোহেল কিংবা মেহেদীর কোনো বক্তব্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানতে পারেনি।