জমি নিয়ে বিরোধ নোয়াখালীতে, খুন ঢাকায়: গ্রেপ্তার ৫
রাজধানীর মিরপুর এলাকায় পাঁচ দিন আগের এক খুনের তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে নোয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ঢাকায় এ হত্যার ঘটনা ঘটেছে।
পুলিশ খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত বৃস্পতিবার ঝালকাঠি থেকে হৃদয় নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে।
পরে তার তথ্যের ভিত্তিতে আরও চার জনকে ঢাকার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের দারুস সালাম জোনের অতিরিক্ত উপকমিশনার এজেড এম তৈমুর রহমান।
গ্রেপ্তার বাকিরা হলেন- হুমায়ুন কবির (৬৫), মোফাজ্জল হোসেন মণ্ডল (৩০), আল আমিন আহমদ (১৮) ও ১৬ বছর বয়সী এক কিশোর।
গত ১২ ডিসেম্বর রাতে শাহাদাত হোসেন ওরফে হাসিব নামের এক কিশোরকে ছুরি মেরে হত্যা করা হয়। তার পিতার সঙ্গে এক প্রবাসীর জমি নিয়ে নোয়াখালীর বেগমগঞ্জে থাকা মামলার মূল্য দিতে হলো তাকে বলে মনে করছে পুলিশ।
শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পুলিশ কর্মকর্তা তৈমুর জানান, এলাকায় আধিপত্য বিস্তারে ‘ডন’ হওয়ার প্রবণতা এবং আগ্রাসী ও ভয়ডরহীন মনোভাবের কারণেই হৃদয়কে এ হত্যাকাণ্ডের জন্য বেছে নেন হুমায়ুন কবির।
তিনি জানান, ঘটনা তদন্তে জানা যায়, হুমায়ুন পাঁচ লাখ টাকার চুক্তিতে হৃদয়ের সঙ্গে শাহাদাতকে হত্যার জন্য চুক্তি করেন।
জমি নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডে মোট পাঁচ জন জড়িত; যাদের মধ্যে সরাসরি জড়িত ছিল তিন জন।
হত্যার কারণ প্রসঙ্গে পুলিশ কর্মকর্তা তৈমুর বলেন, নোয়াখালীর বেগমগঞ্জের কিসমত আব্দুল্লাহপুরে শাহাদাতের বাবার সঙ্গে বিপুল নামে এক প্রবাসীর জমি সংক্রান্ত মামলা আছে।
ওই মামলার জের ধরে পাঁচ লাখ টাকায় শাহাদাতকে হত্যার পরিকল্পনায় বিপুল, হুমায়ুন ও মোফাজ্জলের জড়িত থাকার কথা প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
হৃদয়কে কেন এ হত্যাকাণ্ডে ব্যবহার এবং থানায় তার নামে মামলা রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, হৃদয় তেমন পড়াশোনা করেননি। গ্রামের বাড়ি ভোলায়। মিরপুর এলাকায় পরিবারের সঙ্গে থাকত। আগে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করলেও এখন কিছুই করছে না।
“গ্রেপ্তার হুমায়ুন ও মোফাজ্জল ভাড়াটে হিসেবে হৃদয়কে পছন্দ করার কারণ, তারা দেখছে এলাকায় ছেলেটির ‘ডন’ হওয়ার প্রবণতা এবং আগ্রাসী ও ভয়ডরহীন মনোভাব,“ যোগ করেন তিনি।
ঘটনার বর্ণনা দিয়ে অতিরিক্ত উপকমিশনার জানান, ১২ ডিসেম্বর রাতে শাহআলীর ‘ই ব্লকের’ ৬ নম্বর রোডে পূর্ব পরিকল্পনা অনুযায়ী শাহাদাত কারখানা থেকে বাসায় ফেরার পথে হৃদয়, আল আমিন ও তাদের সঙ্গে থাকা গ্রেপ্তার কিশোরটি এলোপাতাড়ি ছুরি মেরে পালিয়ে যায়।
এরপর গুরুত্ব আহত শাহাদাতকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শাহাদাতের বাবার আবুল খায়ের শাহআলী থানায় মামলা করেছেন।
ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ দেখে হৃদয়কে শনাক্ত করার কথা জানিয়ে পুলিশ কর্মকর্তা তৈমুর বলেন, মোবাইল ফোন ট্র্যাক করে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, বিদেশে অবস্থানরত বিপুলের বিষয়ে আরও তদন্ত করা হচ্ছে।
