পুলিশের এসআই পদের লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন
পুলিশের উপ পরিদর্শক (এসআই) পদে নিয়োগের লিখিত ও মনস্তত্ব পরীক্ষার তারিখ পরিবর্তন করে ৮ থেকে ১০ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।
বুধবার পুলিশ সদরদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশ পুলিশে ক্যাডেট সাব ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ প্রক্রিয়া চলছে।
এ প্রক্রিয়ার অংশ হিসেবে আগ্রহীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা হবে আগামী ১৯ ডিসেম্বর রোববার।
এ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা হওয়ার কথা ছিল ৩ থেকে ৫ জানুয়ারি; পূর্ব নির্ধারিত এ সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
তবে সূচি বদলের কারণ জানানো হয়নি সংবাদ বিজ্ঞপ্তিতে।
পুলিশ সদরদপ্তরের এআইজি মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণে তারিখ পরিবর্তন করা হয়েছে। আর পরিবর্তিত তারিখ হল ৮ থেকে ১০ জানুয়ারি।
শারীরিক মাপ, কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরিবর্তিত তারিখ অনুযায়ী লিখিত পরীক্ষা নেওয়া হবে।
এসব পরীক্ষার্থীরা ১০০ নম্বরের ইংরেজি এবং বাংলা রচনা ও কম্পোজিশন লিখিত পরীক্ষায় বসবেন ৮ জানুয়ারি সকাল ১০টায়।
আর ১০০ নম্বরের সাধারণ জ্ঞান ও গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ জানুয়ারি সকাল ১০টায়।
এরপর ৫০ নম্বরের মনস্তত্ত্ব পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ জানুয়ারি সকাল ১০টায়।
