২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ভারতের রাষ্ট্রপতির শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2021, 05:57 PM

Updated : 10 Oct 2022, 06:28 PM

বুধবার দুপুরে ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখে তিনি জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

জাদুঘরের কিউরেটর এন আই খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর সোয়া ১টার দিকে সেখানে পৌঁছান ভারতের রাষ্ট্রপতি।

বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা তাকে জাদুঘরে স্বাগত জানান এবং ঘুরিয়ে দেখান বঙ্গবন্ধুর বাড়ি।

এ সময় উপহার হিসেবে বঙ্গবন্ধুর লেখা ’অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’সহ কয়েকটি বই ভারতের রাষ্ট্রপতির হাতে তুলে দেন শেখ রেহানা।

বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখার পর পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ।

মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের আয়োজনে যোগ দিতে তিন দিনের সফরে বুধবার সকালে ঢাকায় পৌঁছান তিনি।  

এয়ার ইন্ডিয়া ওয়ান ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সেখানে ভারতীয় রাষ্ট্রপতিকে গালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়।

এরপর সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ধানমণ্ডিতে যান কোবিন্দ।

বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে তার সাক্ষাৎ হবে। বৃহস্পতিবার বিজয় দিবসে তিনি বাংলাদেশের উদযাপনে সঙ্গী হবেন।