২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খিলক্ষেতে মোটরসাইকেলের ধাক্কায় ব্যাংক কর্মচারীর মৃত্যু

রাজধানীর খিলক্ষেত এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় একজন ব্যাংক কর্মচারী নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2021, 04:07 PM

Updated : 02 Aug 2022, 06:42 PM

ইনি হলেন- হাবিবুর রহমান (৩৮), তার বাসা কুড়িল শেওড়া বাজার এলাকায়। তিনি ইসলামী ব্যাংকের উত্তরা শাখায় অফিস সহকারী হিসেবে কাজ করতেন।

বুধবার সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে নিকুঞ্জ ১ নম্বর গেইটের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন খিলক্ষেত থানার এসআই  রবিউল ইসলাম।

হাবিবুরের ভাই জিয়াউর রহমানের বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা জানান, “বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় হাবিবুর গুরুতর আহত হন।

“স্থানীয়রা তাকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার পর বেলা সাড়ে এগারোটার দিকে তার মৃত্যু হয়।”

হাবিবুর বরিশাল জেলার গৌরনদী উপজেলার নয়াপাড়া গ্রামের মৃত জব্বার মোল্লার ছেলে। সাত ভাইবোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই  রবিউল ইসলাম জানান, এ ঘটনায় মোটরসাইকেলের চালকও আহত হয়েছেন।  

তিনি বলেন,“সে আশেপাশের কোথাও চিকিৎসা নিতে পারে। ঘটনাস্থলে গিয়ে তাকে পাওয়া যায়নি। মোটরসাইকেলসহ চালককে শনাক্ত করার চেষ্টা চলছে।”

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, হাবিবুর রহমানের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।