২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইভানার মৃত্যু: তদন্ত প্রতিবেদন পিছিয়ে ১ ফেব্রুয়ারি

ঢাকার স্কলাসটিকা স্কুলের ক্যারিয়ার গাইডেন্স কাউন্সেলর ইভানা লায়লা চৌধুরীর মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় তদন্ত প্রতিবেদন জমা দিতে আরও সময় পেয়েছেন তদন্ত কর্মকর্তা। 

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2021, 03:00 PM

Updated : 10 Oct 2022, 06:28 PM

বুধবার এ মামলায় তদন্ত প্রতিবেদন জমার তারিখ থাকলেও শাহবাগ থানা পুলিশ তা দিতে ব্যর্থ হওয়ায় ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবু বকর ছিদ্দিক ১ ফেব্রুয়ারি নতুন তারিখ ঠিক করে দেন।

আদালতে শাহবাগ থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মো. নিজামুদ্দিন এ তথ্য জানান।

ইভানার স্বামী ব্যারিস্টার আবদুল্লাহ মাহমুদ হাসান রুম্মান গত ১৩ ডিসেম্বর  হাই কোর্টের নিদেশে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন। 

গত ১৫ সেপ্টেম্বর ঢাকার পরীবাগে দুটি নয়তলা ভবনের মাঝ থেকে ৩২ বছর বয়সী ইভানার লাশ উদ্ধার করে পুলিশ। তার শ্বশুরবাড়ির লোকজন সে সময় পুলিশকে বলে, ইভানা ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন বলে তাদের ধারণা।

ওই ঘটনায় ২৫ সেপ্টেম্বর ইভানার বাবা আমান উল্লাহ চৌধুরী শাহবাগ থানায় মামলা করেন। সেখানে ইভানার স্বামী আব্দুল্লাহ হাসান মাহমুদ রুম্মান এবং চিকিৎসক (নেফ্রলজিস্ট) অধ্যাপক মুজিবুল হক মোল্লার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়।

স্কলাস্টিকা স্কুলের এই কর্মকর্তার মৃত্যুর পর তার স্বজনরা জানতে পারেন, আইনজীবী স্বামী রুম্মানের সঙ্গে দাম্পত্য জীবনে সুখী ছিলেন না দুই সন্তানের মা ইভানা।

২০১০ সালে তাদের বিয়ে হয়। তাদের দুই সন্তানের মধ্যে ছোটটি বিশেষ চাহিদাসম্পন্ন (অটিস্টিক) শিশু।

এজাহারে অভিযোগ করা হয়, বিয়ের পর থেকেই ইভানার ওপর ‘শারীরিক ও মানসিক অত্যাচার’ করতেন রুম্মান। এমনকি ইভানা যদি চাকরি না ছাড়েন, তাহলে ‘ডিভোর্স দেওয়া হবে’ বলেও হুমকি দিতেন।

“ইভানার ফেইসবুক পোস্ট ও মেসেঞ্জারে বন্ধু এবং শুভানুধ্যায়ীদের সঙ্গে কথোপকথন থেকে বাবা নিশ্চিত হয়েছেন যে, রুম্মান তার পরকীয়া সম্পর্কের কারণে ইভানার সঙ্গে দুর্ব্যবহার করতেন, তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন।”

মামলায় বলা হয়,  ইভানাকে নিয়মিত নেফ্রলোজিস্ট অধ্যাপক মুজিবুল হক মোল্লার কাছে নিয়ে যেতেন রুম্মান। ওই চিকিৎসক ইভানাকে দেওয়া প্রেসক্রিপশনে তার শারীরিক ও মানসিক সমস্যার কোনো বর্ণনা না লিখে বা কোনো রোগের নাম উল্লেখ না করে এমন ওষুধ দিয়েছেন যা মানসিক রোগের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়।

 “ওই ওষুধ পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে আত্মহত্যার প্রবণতা ও ডিপ্রেশন বাড়ায়। ওই ওষুধগুলো দেওয়ার আগে রোগনির্ণয় (ডায়াগনাইসিস) করা জরুরি। সেটাও তিনি করেননি।”

রুম্মানের বিষয়ে এজাহারে অভিযোগ করা হয়েছে, “রুম্মান নিজের পরকীয়া সম্পর্ক নির্বিঘ্ন করার জন্য ইভানাকে সরিয়ে দিতে ঘুমের ওষুধের নামে ক্ষতিকর দ্রব্য সেবন করিয়েছেন। ইভানাকে অমানবিক শারীরিক ও মানসিক যন্ত্রণা দিয়ে বিভিন্ন কটূ কথা বলে তার জীবনকে অতীষ্ট করে আত্মহত্যার প্ররোচনা দিয়েছেন।”

ইভানা ও রুম্মান দুজনই ঢাকার লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজ থেকে এলএলবি করেন। এরপর রুম্মান লন্ডন থেকে বার-এট-ল করে দেশে আইন পেশায় নিয়োজিত হন। আর রুম্মানকে ভালোবেসে ২০১০ সালে বিয়ে করেন ইভানা, এরপর তিনি আর বার-এট-ল পড়তে যাননি।

ইভানার বাবা প্রকৌশলী আমান উল্লাহ চৌধুরী সড়ক ও জনপথের প্রকৌশলী। বিআরটিএর পরিচালক থাকা অবস্থায় তিনি অবসরে যান। আর ইভানার শ্বশুর মোহাম্মদ ইসমাঈল অতিরিক্ত সচিব হিসেবে অবসরে গেছেন।