২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২২ বছর পালিয়ে থাকা ফাঁসির আসামি ধরা

হবিগঞ্জের এক নারীর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২২ বছর পালিয়ে থাকার পর গ্রেপ্তার হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2021, 02:00 PM

Updated : 02 Aug 2022, 06:42 PM

আদম খান রফিক (৪৫) নামে এই ব্যক্তিকে মঙ্গলবার রাতে ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব জানিয়েছে।   

তাকে গ্রেপ্তারের পর বুধবার ‍সকালে ঢাকার কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে আসেন বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

১৯৯৯ সালের ৩১ মে হবিগঞ্জের চুনারুঘাট এলাকায় নুরচান বেগম (৪০) নামে এক নারীকে ছুরি মেরে হত্যা করা হয়।

ঘটনার পরদিন নুরচানের ছেলে শফিক হত্যা মামলা করেন।

নুরচানের হত্যাকাণ্ডের সাত মাস আগে তার স্বামী মারা যান আর দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে মানবেতন জীবনযাপন করছিলেন তিনি। এর মাঝেই নুরচান হত্যাকাণ্ডের শিকার হন।

মামলার তদন্ত শেষে ২০০২ সালের ১৭ জুলাই আদালত আদম খানকে মৃত্যুদণ্ড দেয়।

মঈন বলেন, “ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আদম খান প্রায় দীর্ঘ ২২ বছর পলাতক থাকার পর মঙ্গলবার রাতে আশুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।”

হত্যাকাণ্ডের কারণ হিসেবে আদম খান র‌্যাবকে জানায়, নুরচান হত্যাকাণ্ডের এক বছর আগে তার ছেলে শফিক তার কাছ থেকে দুই হাজার টাকা ধার নেয়। ওই টাকা চাইতে গেলে নুরচান গালাগালি করলে তিনি তার হাতে থাকা ছুরি দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলে নুরচান মারা যান।

র‌্যাব কর্মকর্তা মঈন বলেন, “হত্যাকাণ্ডের পর আদম খান গ্রাম থেকে পালিয়ে যায়। এক সপ্তাহ সিলেটে থাকলেও তার পর ঢাকার আশুলিয়ার এসে বাসবাস শুরু করে। ২০১২ সালে আদম খান নিজের নাম রফিকুল ইসলাম দিয়ে ভুয়া জন্ম সনদ তৈরি করে আশুলিয়ার বসবাস শুরু করে।”

রাজমিস্ত্রির কাজ করে আসা আদম নাম ওই জন্মসনদ দিয়ে জাতীয় পরিচয়পত্রও তৈরি করেছে বলে তিনি জানান।