২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইব্রাহিমের তিলে তিলে গড়া বাড়ি ধসে গেল গ্যাসের এক বিস্ফোরণে

বাড়ির গ্রিলের কাজ করে কষ্টার্জিত উপার্জন থেকে তিলে তিলে সঞ্চয় করা অর্থ দিয়ে ঢাকার আলুবাজারে এক চিলতে জমিতে যে বাড়ি করেছিলেন সত্তরের কোঠার ইব্রাহিম, গ্যাসের বিস্ফোরণে এক নিমেষেই তা বিধ্বস্ত হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কামাল হোসেন তালুকদার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2021, 05:44 PM

Updated : 10 Oct 2022, 06:27 PM

বড় ভাই প্রয়াত রাজমিস্ত্রী আব্দুল মজিদের সঙ্গে কাজ করতেন তিনি। চার দশক আগে সোয়া কাঠা জমির উপর দুভাই দুটি ভবন তৈরি করেন অর্থাৎ আধা কাঠার একটু বেশি জমির উপর তোলা হয় প্রতিটি ভবন। চারতলা ভবনটি ভাড়া দিয়েই ইব্রাহিমের সংসারের ব্যয় নির্বাহ হতো।

ইব্রাহিমের বড় ছেলে আকরাম হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করছেন। স্ত্রী-সন্তান নিয়ে তার নিজের সংসার সামাল দিতে হয়। মঙ্গলবার ঘটনাস্থলে তার সঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কথা হয়।

প্রতি তলা থেকে ৯ হাজার টাকা করে মোট ৩৬ হাজার টাকা দিয়ে বৃদ্ধ বাবা-মার ওষুধ ও ভরণপোষণ আর সঙ্গে ছোট ভাই শিফাত আহমেদের পড়াশোনার খরচ চলতো বলে তিনি জানান।

‘এই বাড়ি ঠিক করে সামনে চালিয়ে যাওয়ার সামর্থ্য নেই’ বলতে বলতে কেঁদে ফেলেন আকরাম।

ভবনের দিকে তাকিয়ে তিনি বলেন, “এখন কী হবে? কীভাবে চলবে আমার ছোট ভাইয়ের পড়াশোনা, আর বিবাহযোগ্য এক বোনের ভবিষ্যৎ। ছোট এক বোনকে বিবাহ দিয়েছি, কিন্তু আরেক বোন রয়েছে বিবাহযোগ্য।

“সত্যিই ভাই মাথায় কিছুই ধরছে না। এখনও বাবাকে বাড়িতে ঘটে যাওয়া দুর্ঘটনার কথা শোনাতে পারিনি, আর মা অর্ধেক পথ এসে আবার আগামাসি লেনে ফিরে যায়। একটি দুর্ঘটনা সব এলোমেলো করে দিলো।”

এই দুর্ঘটনার তিতাস গ্যাস কোম্পানির অবহেলাকে দায়ী করে উপস্থিত দুই কর্মকর্তাকে দেখিয়ে দিয়ে আকরাম বলেন, “উনাদের কারণেই আজ এতবড় দুর্ঘটনা ঘটেছে, পথে বসেছে আমাদের পুরো পরিবার। গ্যাস লাইনে সমস্যা ছিল। গ্যাসের ‘রাইজার’ লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেই এই দুর্ঘটনা ঘটে।”

ইব্রাহিমের ছোট ছেলে শিফাত আহমেদ জানান, যে পাশে রাইজার বিস্ফোরণ ঘটে, তার দেয়ালের পাশে থাকা ফ্রিজ বিস্ফোরণে চূর্ণবিচূর্ণ হয়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রাইজার থেকেই বিস্ফোরণটি ঘটেছে বলে তাদের ধারণা। কারণ, একমাস আগে বকেয়া বিলের জন্য সংযোগ কেটে দিয়ে রাইজার খুলে নিয়ে গিয়েছিলেন তিতাসের কর্মকর্তারা। কিন্তু পরে তারা আর রাইজার লাগাতে আসেননি।

তার এই বক্তব্য পাশের দাঁড়িয়ে শুনছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি নাসির উল্যাহ ওয়ালিদ।

পুরান ঢাকায় ভবনে বিস্ফোরণ: আহত ৭  

তিনি বলেন, গ্যাসের বিল বাকি থাকলে তিতাস কর্তৃপক্ষ রাইজার খুলে নিয়ে যায়। আর বিল পরিশোধ করলে বা ঘুষ দিয়ে রফা-দফা হলে রাইজার বাড়ির মালিককে দিয়ে দেয়।

“তখন বাড়ির মালিক নিজস্ব মিস্ত্রী দিয়ে রাইজার লাগায়। এতে রাইজার ঠিকমত লাগে না, আর এতেই ঘটে দুর্ঘটনা। এই বাড়ির ক্ষেত্রেও তাই ঘটেছে।”

গ্যাস লাইনে লিকেজের কথা জানানোর পরও তিতাসের স্থানীয় কর্তৃপক্ষ কোনো তড়িৎ ব্যবস্থা নেন না বলে এলাবাসীর অভিযোগ।

এসব অভিযোগ অস্বীকার করেন ঘটনাস্থলে উপস্থিত তিতাসের সহকারী টেকনিক্যাল অফিসার শেবেন্দ্রনাথ ঘোষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্যাস লাইনের সমস্যা হচ্ছে এমন কোন অভিযোগ লিখিত বা ফোনে পেলেই লোকজন সমস্যা সমাধানে চলে আসেন। তবে এখান থেকে কোনো অভিযোগ তারা পাননি।

“আর রাইজারের বিষয়টি আমার জানা নেই।”

তিতাসের সাবেক এক প্রকৌশলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাইজার যে কোম্পানি খুলবে, তারাই লাগাবে। যদি অন্য কেউ লাগায় এটা খুবই দুঃখজনক এবং অপরাধও।

“রাইজার লাগানো এত সহজ নয়, কারণ লাইনে গ্যাসের অনেক চাপ থাকে।”

সোমবার রাত দেড়টার পর ওসমান গণি রোডের ৩৪/১ নম্বর বাড়িতে ‘গ্যাসের লিকেজ থেকে’ এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিসের ধারণা।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক বজলুর রশিদ জানান, বিস্ফোরণের পর ওই ভবনের নিচতলায় আগুন ধরে যায়। খবর পেয়ে তাদের নয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাফিয়াল ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। ভবনের অন্যান্য ফ্লোর ঠিক থাকলেও নিচতলার দেয়াল ধসে পড়েছে। ভবনটি হেলে পড়েনি। তবে সতর্কতা হিসেবে ভবনের অন্য বাসিন্দাদের নামিয়ে দেওয়া হয়েছে।”

স্থানীয়রা বলছেন, গভীর রাতে বিকট বিস্ফোরণের শব্দে তারা বেরিয়ে আসেন। বিস্ফোরণের ধাক্কায় আশপাশের কয়েকটি ভবনের কাচ ভেঙে পড়ে।

ঘটনাস্থল থেকে অগ্নিদগ্ধ কামাল, তার স্ত্রী ও কন্যাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয় বলে বংশাল থানার ওসি আবুল খায়ের জানান।

হাসপাতালের চিকিৎসক এসএম আইয়ুব হোসেন জানান, কামালের শরীরের ৪০ শতাংশ, তার স্ত্রী সেলিনার ৬ শতাংশ এবং তাদের মেয়ে বন্যার ৩ শতাংশ আগুনে পুড়ে গেছে।

ময়মনসিংহের গৌরিপুরের বাসিন্দা সেলিনা বেগমের সঙ্গে কথা হয় আলুবাজারে। তিনি জানান, প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ও মেয়ে বন্যাকে ছেড়ে দিয়েছে চিকিৎসকরা। তার স্বামী কামাল হোসেন শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে ভর্তি।