২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ওমিক্রনে আক্রান্ত দুই ক্রিকেটার হোটেল থেকে হাসপাতালে

করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত আফ্রিকা ফেরত দুই ক্রিকেটারকে হোটেল থেকে হাসপাতালে নেওয়া হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2021, 05:41 PM

Updated : 02 Aug 2022, 06:42 PM

জিম্বাবুয়ে সফর শেষে এই মাসের শুরুতে ফেরা এই দুই নারী ক্রিকেটারের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়লে তাদের হোটেলে আইসোলেশনে রাখা হয়েছিল।

গত ১১ ডিসেম্বর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক দুই নারী ক্রিকেটারের ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেন, করোনাভাইরাসের যে ধরনটি এখন বিশ্বজুড়ে উদ্বেগ ছড়াচ্ছে।

তবে তখনও ওই দুই নারী ক্রিকেটার হোটেলেই ছিলেন এবং তাদের শারীরিক কোনো জটিলতা নেই বলেই জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী।

তার তিন দিন পর মঙ্গলবার দুজনকে হোটেল থেকে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হল।

মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. নিয়াতুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই দুই নারী ক্রিকেটার হাসপাতালে ভর্তি হয়েছেন।

তারা অসুস্থ কি না-এ প্রশ্নে তিনি বলেন, “তাদের মধ্যে কোনো সিম্পটম নেই, ভালো আছেন। ডাস্ট অবজারভেশনের জন্য তাদেরকে ভর্তি রাখা হয়েছে। আমাদের কাছে নির্দেশনা আছে তারা ভর্তি থাকবেন, আমাদের চিকিৎসকরা অবজারভেশনে রাখবেন। এখানে আইইডিসিআরের একটি টিমও কাজ করছে।”

তিনি বলেন, “তাদেরকে আবার টেস্ট করা হবে। আমরা সাধারণত নেগেটিভ হলে হাসপাতাল থেকে ছাড়পত্র দিই। কিন্তু এ ব্যাপারে সবার সঙ্গে সম্মিলিতভাবে বসে সিদ্ধান্ত নেওয়া হবে।”

বাংলাদেশে ওমিক্রনের রোগী শনাক্ত

ওমিক্রন: আক্রান্ত দুজন ‘ভালো আছেন’, শনাক্ত হননি নতুন কেউ  

নতুন করোনাভাইরাস মানবদেহে সংক্রমণের পর অসংখ্যবার রূপবদল করলেও এক বছরের বেশি সময় পর ডেল্টা ভ্যারিয়েন্টই মহামারীর মাত্রা ভয়াবহ করে তোলে। এরপর টিকা যখন মহামারী নিয়ন্ত্রণের আশা দেখাচ্ছে, তখন দক্ষিণ আফ্রিকায় ধরা পড়ে ভাইরাসটির নতুন রূপ ওমিক্রন।

এরপর আফ্রিকা মহাদেশ থেকে আসার ক্ষেত্রে বাংলাদেশ সরকার নানা বিধি-নিষেধ আরোপ করে।

এর মধ্যেই জিম্বাবুয়েতে নারীদের ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে খেলতে যাওয়া বাংলাদেশ  দল ঢাকায় পৌঁছানোর পর সব খেলোয়াড়দের পাঠানো হয় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। সেখানে নমুনা পরীক্ষার পর দুজনের করোনাভাইরাস ‘পজিটিভ’ আসে।