বুদ্ধিজীবীদের স্মরণে প্রদীপ প্রজ্বালন
শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে চট্টগ্রামে এক অনুষ্ঠান থেকে স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।
সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সেক্টর কমান্ডার্স ফোরাম চট্টগ্রাম জেলা শাখা প্রদীপ প্রজ্বালন অনুষ্ঠানে এ আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, “একাত্তরে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তারা গত ৫০ বছরেও স্বাধীনতাকে মেনে নেয়নি। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে এসেও জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের চক্রান্ত থেমে নেই।
“তারাই বঙ্গবন্ধুর কালজয়ী নেতৃত্বে বাঙালির জাতীয় জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন স্বাধীনতাকে বিনষ্ট করার অপচেষ্টা চালিয়ে আসছে অব্যাহতভাবে। এদের বিরুদ্ধে একাত্তরের মতো মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার আইন করে স্বাধীনতাবিরোধীদের সব কর্মকাণ্ড নিষিদ্ধের দাবি জানান।
ফোরামের চট্টগ্রাম জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী, ফজল আহমেদ, সাধন চন্দ্র বিশ্বাস,আবু বকর সিদ্দিক।
