দুদকের সামনে থেকে ‘ভুয়া দুদক কর্মকর্তা’ গ্রেপ্তার
দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে দুদকে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে কমিশনের সামনে থেকেই এক ব্যক্তি গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার রিফাত হাসানের (৪৬) বাড়ি বরিশাল সদরে। সোমবার রাজধানীর সেগুনবাগিচার দুদক কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে কমিশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক জানান।
শহীদুল ইসলাম (২০) নামের এক ভুক্তভোগী এ ঘটনায় রিফাত হাসানের বিরুদ্ধে রমনা থানায় মামলাও করেছেন।
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মিলন মিয়া জানান, শহীদুল ইসলামই দুদকের নিরাপত্তাকর্মীদের সহযোগিতায় রিফাত হাসানকে ধরিয়ে দেন।
মামলার এজাহারে বলা হয়েছে, রিফাত দুদক কর্মকর্তা পরিচয় দিয়ে শহীদুলকে কমিশনের ক্লার্ক পদে এবং তার ছোট ভাই রফিকুল ইসলামকে (১৭) পিয়ন পদে চাকরি দেওয়ার নাম করে বিকাশে ৯ হাজার টাকা এবং নগদ ২১ হাজার টাকা নেয়।
এই ‘ভুয়া’ দুদক কর্মকর্তা আরও ৫০ হাজার টাকা নিয়ে শহীদুল ও তার ভাইকে সোমবার সকালে দুদকের প্রধান কার্যালয়ের সামনে আসতে বলেন। সে কথামত সকালে তারা দুদক কার্যালয়ের সামনে গিয়ে রিফাতকে ফোন করেন।
এর মধ্যে রিফাত হাসানকে নিয়ে সন্দেহ হলে তাো দুদকের গেইটে দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের কাছে খোঁজ নেয়। কিন্তু তারা জাননা, ওই নামে দুদকে কোনো কর্মকর্তা নেই। পরে শহীদুল দুদকের নিরাপত্তাকর্মীদের বিস্তারিত জানালে প্রতারণার বিষয়টি ধরা পড়ে।
এজাহারে শহীদুল লিখেছেন, “প্রতারক রিফাত হাসান আমাদেরকে ফোন করে শিল্পকলা একাডেমির গেইটে আসতে বলে। তখন আমরা নিরাপত্তাকর্মীদের সঙ্গে নিয়ে তার সাথে দেখা করতে যাই। পরে দুদকের নিরাপত্তাকর্মীরা রিফাতকে চ্যালেঞ্জ করে তার পরিচয় জানতে চায়। সে নিজেকে দুদকের কর্মকর্তা প্রমাণ করতে ব্যর্থ হলে আমরা তাকে আটক করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রমাণিত হয়, সে একজন প্রতারক।”
এসআই মিলন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসামিকে হাজতখানায় রাখা রয়েছে। আগামীকাল (মঙ্গলবার) আদালতে নেওয়া হবে।”
