২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্নয়নের পথে আসা চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি দরকার: মোমেন

দেশের উন্নয়নের পথচলায় আসায় চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার উপর জোর দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2021, 12:45 AM

Updated : 08 Apr 2022, 12:00 AM

রোববার এক অনুষ্ঠানে তিনি বলেছেন, “উন্নয়নের সাথে নতুন নতুন চ্যালেঞ্জ আসবে এবং তা মোকাবেলার করার জন্য আমাদের অবশ্যই প্রস্তুত থাকতে হবে, দক্ষতা অর্জন করতে করতে হবে এবং সেই সাথে জাতি হিসাবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”

ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইসিটি উইং আয়োজিত জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবসের আয়োজনে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

তুরস্ক সফরে থাকা মোমেন ভার্চুয়ালি যুক্ত হয়ে আরও বলেন, “দেশের জনসংখ্যায় রয়েছে তরুণদের আধিক্য। আমরা বিশ্বাস করি, এই তরুণরাই আগামীতে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে। আর তাদের সহায়ক হবে তথ্যপ্রযুক্তি।”

ডিজিটাল বাংলাদেশের এগিয়ে চলার কথা তুলে ধরে তিনি বলেন, এর ফলে টাকা-পয়সা লেনদেন সহজ হচ্ছে, মানুষের হয়রানি কমেছে, দিনের পর দিন মানুষের অফিসে অফিসে ধরনা দিতে হচ্ছে না, আর দালালেরও দৌরাত্ম্য কমেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় তথ্য-প্রযুক্তিনির্ভর সেবা এবং সেবার মান বাড়িয়েছে দাবি করে মোমেন বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে ‘দূতাবাস’ অ্যাপ চালু করেছে।

“ফলে ঘরে বসেই মোবাইল ফোনের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন সেবা গ্রহণ করা সম্ভব হচ্ছে। এই অ্যাপের যে দুর্বলতা আছে, সেগুলোও দূর করা হচ্ছে।”

বিদেশে বাংলাদেশের মিশনগুলোর সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৈনন্দিন যোগাযোগের জন্য ‘বৈঠক’ নামে ভার্চ্যুয়াল প্লাটফর্ম ব্যবহার শুরু করেছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে সেবাপ্রত্যাশীদের কাঙ্ক্ষিত সেবা প্রদানকে পররাষ্ট্র মন্ত্রণালয় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। প্রশাসনিক ও কনসুলার সেবাকে সেবাপ্রত্যাশীদের কাছে আরও সহজকরণের জন্য মন্ত্রণালয়ের ৬২টি সেবাকে মাইগভ প্লাটফরমে অন্তর্ভুক্ত করা হয়েছে।”

জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সেবাগুলোকে জাতীয় কল সেন্টার ৩৩৩ এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সঙ্গে যুক্ত করা হয়েছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের গৃহীত উদ্যোগগুলো তুলে ধরেন এবং ভবিষ্যতের জন্য ‘শেখ হাসিনা নিউরাল নেটওয়ার্ক’ তৈরিসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণের অভিপ্রায়ের কথা জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইসিটি অনুবিভাগের মহাপরিচালক সৈয়দ মুনতাসির মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) শাব্বির আহমেদ চৌধুরী, এটুআইয়ের প্রকল্প পরিচালক দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির, বেসিসের প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবির বক্তব্য দেন।