খালাফ হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড
সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় পাঁচ আসামির সাবাইকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় পাঁচ আসামির সাবাইকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মোতাহার হোসেন রোববার এ রায় দেন।
সর্বোচ্চ সাজার আদেশ পাওয়া এই পাঁচ আসামির মধ্যে সাইফুল ইসলাম, মো. আল আমীন, আকবর আলী লালু ও রফিকুল ইসলাম রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন।
অপর আসামি সেলিম চৌধুরী পলাতক রয়েছেন।
গত ৫ মার্চ মধ্যরাতে গুলশানে নিজের বাসার কাছে গুলিবিদ্ধ হন সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী (৪৫)। পরদিন ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের দুই দিন পর পুলিশ গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করে। আর সাড়ে চার মাস পর চার ‘ছিনতাইকারীকে’ গ্রেপ্তার করে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার মো. ওবায়দুল হক গত ২০ সেপ্টেম্বর এ মামলায় অভিযোগপত্র দেয়ার পর ৩১ অক্টোবর পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।
আসামি আল আমীন বিচারকের কাছে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, সাইফুলসহ বাকি চারজন ওই রাতে খালাফকে ঘিরে ধরেন এবং তার কাছে ডলার চান। ডলার না দেয়ায় তাদের মধ্যে ধস্তাধাস্তি হয়। পরে সাইফুল তার হাতে থাকা রিভলবার দিয়ে খালাফকে গুলি করে পালিয়ে যান। তদন্ত কর্মকর্তা এ কথাগুলো অভিযোগপত্রেও উল্লেখ করেন।
তবে গ্রেপ্তার চার আসামি গত ১০ ডিসেম্বর আত্মপক্ষ সমর্থন করে নিজেদের নির্দোষ দাবি করেন এবং ন্যায়বিচার প্রার্থনা করে।
রাষ্ট্রপক্ষে এ মামলায় মোট ৩৩ জন সাক্ষ্য দেন। উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ২০ ডিসেম্বর রায়ের তারিখ দেয়া হয়।
আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন হাবিব উল্লাহ ও সাইফুল ইসলাম খন্দকার পলাশ। রাষ্ট্রপক্ষে ছিলেন এস এম রফিকুল ইসলাম।
