২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারিতে ১০ শিশু সাংবাদিক নির্বাচিত

জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) সহযোগিতায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শিশু-কিশোর সাংবাদিক নির্বাচন কার্যক্রম শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2012, 05:29 PM

Updated : 25 Apr 2022, 10:02 PM

জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) সহযোগিতায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শিশু-কিশোর সাংবাদিক নির্বাচন কার্যক্রম শুরু হয়েছে।

এ দুই প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে শিশুদের সংবাদ সেবা কার্যক্রম চালুর প্রস্তুতি হিসেবে শিশু-কিশোর সাংবাদিক নির্বাচন করা হচ্ছে।

শুক্রবার নীলফামারীতে ১০ জন শিশু-কিশোর সাংবাদিক নির্বাচনের মাধ্যমে এ কার্যক্রমের সূচনা হয়।

নীলফামারীর ছমিরউদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে ৩০ জন আবেদনকারীর পরীক্ষা নিয়ে তাদের মধ্য থেকে পাঁচ জন ছেলে ও পাঁচ জন মেয়েকে বাছাই করা হয়।

নির্বাচিতরা হলেন, মুহম্মদ মুনতাসির হাসান, মুহাম্মাদ সামির হাসান, শাহাদাত হোসেন সাজু, ইমাম মেহেদী হাসান, রাগিব আনজুম এবং মুনতারিন খায়ের বৃন্ত, মালিহা মনোয়ারা মীম, মাহিমা আফরোজ মীম, নীরা আক্তার তমা ও মনি আক্তার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ সহ-সম্পাদক এবং শিশু-কিশোর সাংবাদিক অনুসন্ধান দলের প্রধান মুজতবা হাকিম প্লেটো এ বাছাই কার্যক্রমের নেতৃত্ব দেন। এক ঘণ্টার লিখিত পরীক্ষা শেষে সাংবাদিকতায় আগ্রহীদের মৌখিক পরীক্ষা নেয়া হয়। পরে নির্বাচিতদের নিয়ে কর্মশালার আয়োজন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের স্থানীয় প্রতিনিধি আতিয়ার রহমান বাড্ডা, জ্যেষ্ঠ প্রতিবেদক মহসীনুল করিম এবং অনুসন্ধান দলের সদস্য ইবনুল কাইয়ুম সনি এতে সহযোগিতা করেন।

পরে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে নির্বাচিত এই ১০ শিশু-কিশোর সাংবাদিকের মধ্যে আনুষ্ঠানিকভাবে সনদ বিতরণ করা হয়।

সনদ বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক আমিনুর রহমান, নীলফামারী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার হাতেম আলী, নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ সরকার ও স্থানীয় মশিউর রহমান কলেজের অধ্যক্ষ সরওয়ার মানিক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে অতিথিরা সাংবাদিকতার বিকাশে ইউনিসেফের সহযোগিতায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শিশু-কিশোর সাংবাদিক অনুসন্ধান কার্যক্রমের প্রশংসা করেন।

তারা বলেন, শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই শিশু সাংবাদিক হিসেবে যারা কাজ করার সুযোগ পেলেন তারাই ভবিষ্যতে সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

অতিথিরা নির্বাচিত শিশু-কিশোরদের হাতে সনদ তুলে দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা উপহার তুলে দেন মুজতবা হাকিম প্লেটো।