২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতকে জানানো হলো, গ্রেপ্তার ১

মন্ত্রী ১১ জনকে ধরার কথা বললেও বিশ্বজিত দাস হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মাহফুজুর রহমান নাহিদ নামের এক যুবককে গ্রেপ্তারের কথা আদালতকে জানিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2012, 08:25 AM

Updated : 25 Apr 2022, 10:01 PM

মন্ত্রী ১১ জনকে ধরার কথা বললেও বিশ্বজিত দাস হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মাহফুজুর রহমান নাহিদ নামের এক যুবককে গ্রেপ্তারের কথা আদালতকে জানিয়েছে সরকার।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার বৃহস্পতিবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি ফরিদ আহমেদের বেঞ্চে এ তথ্য জানান।

আদালতে তিনি বলেন, ওই হত্যাকাণ্ডে জড়িতদের মধ্যে গণমাধ্যমে চিহ্নিত মাহফুজুর রহমান নাহিদকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করেছে। সে এখন পুলিশ হেফাজতে রয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। যে কোনো সময় গ্রেপ্তার করা হতে পারে।”

বিরোধী দলের অবরোধ কর্মসূচি চলাকালে গত রোববার পুরান ঢাকায় বিশ্বজিত দাস নামের এক দর্জির দোকানিকে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় সূত্রাপুর থানা পুলিশ বাদী হয়ে একটি মামলা করে।

ওই ঘটনার ছবি ও ভিডিও সংবাদ মাধ্যমে আসার পর নানামুখী আলোচনা হয়। ঘটনার সঙ্গে ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেতা কর্মীদের জড়িত থাকারও অভিযোগ ওঠে।

এরপর মঙ্গলবার সাপ্তাহিক সপ্তবর্ণা নামে এক পত্রিকার সম্পাদক নাজিম আহমেদ একটি ইংরেজি দৈনিকের প্রতিবেদনের বরাত দিয়ে বিশ্বজিত হত্যায় জড়িত হিসাবে রফিকুল ইসলাম, মীর মো. নূরে আলম, মাহফুজুর রহমান, ওবায়দুল কাদের, এমদাদুল হকের নাম উল্লেখ করে আদালতের কাছে তাদের গ্রেপ্তারের আবেদন করেন। এই পরিপ্রেক্ষিতে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি ফরিদ আহমেদের বেঞ্চ ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দেয় এবং একটি রুল জারি করে।

স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, র্যা বের মহাপরিচালক, পুলিশের ঢাকা রেঞ্জের উপ মহাপরিদর্শক, ঢাকার জেলা প্রশাসক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার, ঢাকার পুলিশ সুপার, সূত্রাপুর থানার ওসি ও উপ-পরিদর্শক জালাল আহমেদকে এতে বিবাদি করা হয়।

গ্রেপ্তারের নির্দেশ বাস্তবায়নের অগ্রগতি জানানোর নির্ধারিত দিনে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একজনকে গ্রেপ্তারের কথা জানিয়ে আদালতকে বলেন, পুলিশ ও র্যা ব বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা করছে।

অবশ্য স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর মঙ্গলবার এক অনুষ্ঠানে দাবি করেন, বিশ্বজিৎ হত্যায় জড়িত সন্দেহে পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে। আর বৃহস্পতিবার সচিবালয়ে তিনি বলেন, ওই মামলায় গ্রেপ্তার করা হয়েছে ১১ জনকে।

এ বিষয়ে মহানগরের পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম মঙ্গলবার সাংবাদিকদের বলেন, বিশ্বজিত হত্যার ঘটনার সময় যে কয়জন অংশ নিয়েছিল তাদের মধ্যে ছয় জনকে তারা সনাক্ত করেছেন, কাউকে গ্রেপ্তার করা হয়নি।

পুলিশ গত ৭২ ঘণ্টায় এ মামলায় গ্রেপ্তার কাউকে আদালতে সোপর্দও করেনি।