২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত নেতা শফিকুর গ্রেপ্তার

বিরোধী দলের ডাকা হরতালের আগের রাতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2012, 03:22 AM

Updated : 25 Apr 2022, 10:01 PM

র‌্যাবের মহাপরিচালক মোখলেসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,বুধবার গভীর রাতে ধানমণ্ডির বাসা থেকে শফিকুরকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের একটি সূত্র জানায়,এর আগে হরতাল ও অবরোধের কর্মসূচিতে হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় রাত ৩টার দিকে গ্রেপ্তার করা হয় এই জামায়াত নেতাকে।  

জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ একাত্তরে যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার হওয়ার পর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হিসাবে দায়িত্ব দেয়া হয় তার অন্যতম সহকারী এটিএম আজহারুল ইসলামকে। কিন্তু গত অগাস্টে আজহারুলও একই অভিযোগের মামলায় গ্রেপ্তার হলে শফিকুর ওই দায়িত্ব পান।

মুজাহিদ ও আজহারুল ছাড়াও জামায়াতের সাবেক আমির গোলাম আযম, বর্তমান আমির মতিউর রহমান নিজামীসহ দলটির শীর্ষ নয় নেতা এবং বিএনপির দুই নেতার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।