২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লাগাতার ধর্মঘটে বিমান কর্মীরা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মচারীরা সাত দফা দাবিতে ভোর থেকে লাগাতার ধর্মঘট শুরু করায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2013, 03:46 PM

Updated : 25 Apr 2022, 06:14 PM

ধর্মঘটের কারণে গ্রাউন্ড হ্যান্ডলিং বন্ধ থাকায় সকাল থেকে বিমানবন্দরে কোনো ফ্লাইট ছেড়ে যায়নি বলে দাবি করেছেন আন্দোলনরত শ্রমিকরা। তবে সকালের নির্ধারিত ফ্লাইটগুলো ঢাকায় অবতরণ করেছে বলে জানিয়েছেন তারা।

সভাপতির বিরুদ্ধে বিমান কর্তৃপক্ষের আনা অভিযোগ প্রত্যাহার, আহার ভাতা ও ইউনিফর্ম, ভারত থেকে আনা বিমানের সেটআপ বাস্তবায়ন, কর্মচারীদের ব্যক্তিগত টিপি বাস্তবায়ন, একশ ভাগ চিকিৎসা ভাতা দেয়া এবং ৫ বছরেরও বেশি সময় ধরে কাজ করা কর্মচারীদের স্থায়ী করার দাবিতে মঙ্গলবার ভোর ৬টা থেকে বিমান শ্রমিক লীগের ডাকে কর্মচারীদের এই ধর্মঘট শুরু হয়।

বিমানের অন্যান্য শাখার শ্রমিক কর্মচারীরাও এ আন্দোলনে যোগ দিয়েছেন। তারা বলাকা কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

কর্মচারীরা বিমানের ট্রান্সপোর্ট সুবিধা বন্ধ করে দেয়ায় সকালে কেবিন ক্রু বা কর্মকর্তারা বিমানবন্দর বা বলাকা কার্যালয়ে পৌঁছাতে পারেননি।  

বিমান শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতারা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

এসব দাবিতে সোমবার বিমানের প্রধান কার্যালয় বলাকার সামনে দিনভর অবস্থান কর্মসূচি পালন করে শ্রমিক কর্মচারী লীগ। তারপরও দাবি পূরণের আশ্বাস না পাওয়ায় বিকাল ৫টায় সংগঠনের সভাপতি মশিকুর রহমান লাগাতার ধর্মঘটের ঘোষণা দেন।

মশিকুর রহমান বলেন, “আমরা আন্দোলনে যেতে চাইনি। প্রধানমন্ত্রী ছাড়া সম্ভাব্য সব জায়গায় আমাদের দাবির কথা জানিয়েছি। বিমানমন্ত্রীর নির্দেশনা সত্বেও আমাদের দাবি মানা হয়নি। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে।”  

দাবি পূরণের জন্য শ্রমিক লীগের কর্মীরা রোববার বলাকায় বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ক্যাপ্টেন মোসাদ্দেক আহমেদকে প্রায় ১১ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। পরে রাত ২টার দিকে পুলিশের হস্তক্ষেপে মুক্ত হন এমডি মোসাদ্দেক।

মশিকুর রহমান বলেন, দাবিগুলো নিয়ে তারা রোববার এমডির সঙ্গে আলোচনায় বসেন। কিন্তু এক পর্যায়ে মোসাদ্দেক আহমেদ জানিয়ে দেন, এসব দাবি মানতে তিনি অপারগ।

এরপর সোমবার সকাল থেকে বলাকা ভবনে শুরু হয় কর্মচারীদের অবস্থান ধর্মঘট। তখনই বলা হয়, বিকাল ৫টার মধ্যে দাবি পূরণের ঘোষণা না পেলে মঙ্গলবার থেকে লাগাতার কর্মসূচিতে যাবেন তারা।   

গত বছর মার্চে বিমান কর্মীদের একটি সংগঠন চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। মানববন্ধন, সমাবেশ, অবস্থান কর্মসূচির পর এক পর্যায়ে তারা সর্বাত্মক ধর্মঘটের ডাক দেয়। পরে বেসামরিক বিমান চলাচল মন্ত্রী দাবি পূরণের আশ্বাস দিলে ধর্মঘট স্থগিত করা হয়।