২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চলছে না দূরপাল্লার বাস, লঞ্চ-ট্রেন স্বাভাবিক

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিরোধীদলের ডাকা হরতালের সকালে রাজধানীর গাবতলী ও সায়দোবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস চলাচল একপ্রকার বন্ধ রয়ছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2013, 04:52 PM

Updated : 26 Jul 2022, 02:59 PM

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিরোধীদলের ডাকা হরতালের সকালে রাজধানীর গাবতলী ও সায়দোবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস চলাচল একপ্রকার বন্ধ রয়ছে।

যাত্রীসংখ্যা কম থাকলেও লঞ্চ ও ট্রেন চলাচল স্বাভাবিক।

অন্য হরতালগুলোতে গাবতলী টার্মিনালে ঢোকার মুখে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের কর্মীদের অবস্থান নিয়ে থাকতে দেখা গেলেও রোববার সকাল সাড়ে নয়টা পর্যন্ত কাউকে দেখা যায় নি। কোনো পিকেটিংয়ের ঘটনাও চোখে পড়েনি।

গাবতলী টার্মিনাল থেকে সকালে দূর পাল্লার কোনো বাস ছেড়ে যায়নি জানিয়ে ঈগল পরিবহনের স্টেশন মাস্টার হুমায়ূন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হরতাল শেষ হওয়ার আগে বাস ছাড়ার সম্ভাবনাও নাই।”

একই কথা জানান এম এম পরিবহনের নঈমউদ্দিন। এ সময় অধিকাংশ বাসের কাউন্টার বন্ধ দেখা যায়। টার্মিনালে যাত্রীও দেখা যায়নি এ সময়।

সায়েদাবাদ বাস টার্মিনালে ঢাকা-হবিগঞ্জ রুটের ‘অগ্রদূত’ পরিবহনের চালক মো. সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যাত্রীর অভাবেই আমরা বাস ছাড়তে পারছি না।”

এদিন নগরীতে বিভিন্ন রুটে চলাচলকারী গণপরিবহনের সংখ্যা অন্য হরতালের দিনের তুলনায় কিছুটা বেশি হলেও প্রচন্ড ভিড় দেখা যায়।

আসাদ গেইট, কলেজ গেইট, শ্যামলী, কাজীপাড়া, শ্যাওড়াপাড়া, মালিবাগ, মগবাজার এলাকায় অফিসগামী যাত্রীদরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বাসের অপেক্ষায়।

নগরীতে বড় কোনো সহিংস ঘটনার খবরও পাওয়া যায়নি সকাল থেকে।

হরতালেও লঞ্চ চলাচল ‘স্বাভাবিক’ রয়েছে জানিয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরবিহন কর্তৃপক্ষের রেকর্ড কিপার মো. আলমগীর হোসেন বিডিনিউজকে জানান, “সকাল ৯টা পর্যন্ত দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে সাতটি লঞ্চ ছেড়ে যায়। তবে যাত্রীসংখ্যা ছিলো কম।”

হরতালের মধ্যেও ট্রেন চলছে স্বাভাবিকভাবেই। কমলাপুরের স্টেশন ম্যানেজার প্রণবেশ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল থেকে সব ট্রেনই সময়মতো নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে।