ঢাবি ক্যাম্পাসে আবার হাতবোমা বিস্ফোরণ
বিরোধী দলের হরতালের সকালেও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিনটি হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ সময় এক বহিরাগতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে শিক্ষার্থীরা।
বিরোধী দলের হরতালের সকালেও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিনটি হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ সময় এক বহিরাগতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে শিক্ষার্থীরা।
রোববার সকাল ৮টার পর বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে, আইবিএ ভবন ও কেন্দ্রীয় লাইব্রেরি এলাকায় তিনটি হাতবোমা ফাটানো হয়।
এ সময় সেখানে থাকা শিক্ষার্থীরা জুলহাস উদ্দিন (২৪) নামের এক বহিরাগত যুবককে ধরে শাহবাগ থানায় সোপর্দ করে।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার নুরুল ইসলাম বলেন, “শিক্ষার্থীরা জানিয়েছেন, ঘটনার সময় আশেপাশে আর কেউ ছিল না। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি।”
হরতালের আগের দিন শনিবারও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্যের বাড়ির সামনে একটিসহ পাঁচটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।
সন্ধ্যা সোয়া ৫টা থেকে পৌনে ৬টার মধ্যে এসব হাতবোমা ফাটানো হয় বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ আলী জানান।
তিনি বলেন, একটি বিস্ফোরণ ঘটানো হয়েছে উপাচার্যের বাসভবনের সামনে। তবে তখন উপাচার্য আ আ মস আরেফিন সিদ্দিক বাড়িতে ছিলেন না।
আধুনিক ভাষা ইনস্টিটিউটের সামনে একটি, রোকেয়া হলের কাছে একটি এবং এস এম হলের কাছে অন্য দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটে।
কে বা কারা এগুলোর বিস্ফোরণ ঘটিয়েছে- জানতে চাইলে তিনি বলেন, “আমরা কাউকে ধরতে পারিনি এবং কারা ফাটিয়েছে, তা দেখতেও পারিনি। যাওয়ার পথে কেউ ছুড়ে মেরে যেতে পারে।”
তবে প্রক্টরের ধারণা, হরতালের আগে ক্যাম্পাসে ভীতি ছড়াতে ‘ষড়যন্ত্রমূলকভাবে’ এই বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
