২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুর-শাঁখারিবাজারে গাড়িতে আগুন

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ১৮ দলীয় জোটের দিনব্যাপী হরতালের সকালে রাজধানীর মিরপুরে একটি বাসে ও শাঁখারিবাজারে একটি প্রাইভেট কারে আগুন দেয়া হয়েছে। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2013, 04:31 PM

Updated : 25 Apr 2022, 06:14 PM

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ১৮ দলীয় জোটের দিনব্যাপী হরতালের সকালে রাজধানীর মিরপুরে একটি বাসে ও শাঁখারিবাজারে একটি প্রাইভেট কারে আগুন দেয়া হয়েছে। 

ফায়ার ব্রিগেড নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ফরহাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৬টার দিকে মিরপুরে প্রশিকা ভবনের সামনে ইউনাইটেড পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়। খবর পেয়ে ফায়ার ব্রিগেডের একটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

এদিকে সকাল ১০টার দিকে শাঁখারিবাজারে হরতাল সমর্থকদের একটি ঝটিকা মিছিল চলার সময় একটি প্রাইভেট কারে আগুন দেয়া হয়। পুলিশ ধাওয়া দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। 

এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয় বলে জানান কোতোয়ালি থানার ওসি আবুবকর সিদ্দিক। 

এছাড়া সকালে তেজগাঁও কলেজের সামনে ছাত্রদলের কর্মীরা মিছিল বের করলে পুলিশের সাথে তাদের সংঘর্ হয়। এ সময় বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয় বলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই মো. রমজান আলী জানান। 

সকালে রাজধানীতে বাস কম চললেও প্রচুর রিকশা ও অটোরিকশা চলতে দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে যানবাহনের সংখ্যাও। 

হরতালের আগের দিন শনিবারও রাজধানীর রমনা, আজিমপুর, তেজগাঁও, মিরপুর, সায়েন্সল্যাবরেটরি মোড় ও বনানী কাঁচাবাজার এলাকায় গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটে। 

বেলা সোয়া ৩টার দিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে ওষুধ কোম্পানির একটি গাড়িতে আগুন দেয় হরতাল সমর্থকরা। বিকাল সাড়ে ৪টার দিকে আজিমপুর গার্লস স্কুল ও কলেজের সামনে ২৭ নম্বর রুটের (আজিমপুর-গাজীপুর) একটি বাস পুড়িয়ে দেয়া হয়। 

সন্ধ্যা পৌনে ৭টার দিকে তেজগাঁও সাত রাস্তা মোড়ে একটি প্রাইভেটকারে আগুন দেয়া হয়। প্রায় একই সময় মিরপুর এক নম্বরে মেট্রো পরিবহনের একটি বাসে হরতার সমর্থকরা আগুন দেয় বলে পুলিশ জানায়। 

এছাড়া রাত ৮টার দিকে নিউমার্কেট এলাকায় ‘বিহঙ্গ’ পরিবহনের একটি বাস এবং সাড়ে ৯টার দিকে বনানী কাঁচাবাজারের সামনে একটি বাস পুড়িয়ে দেয়া হয়। 

এর আগেও হরতালের আগের দিন ঢাকায় বিভিন্ন স্থানে গাড়িতে আগুন ধরানোর ঘটনা ঘটেছে, যার জন্য বিরোধী দলকেই দায়ী করেছে পুলিশ। ।