২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেলেনার বিরুদ্ধে প্রতারণার মামলার অভিযোগপত্র

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে প্রতারণা মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2021, 09:42 PM

Updated : 02 Aug 2022, 06:36 PM

হেলেনা গ্রেপ্তার হওয়ার পর ঢাকার পল্লবী থানায় গত ২ অগাস্ট মামলাটি করা হয়েছিল।

মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক শাহীনূর ইসলাম মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতকাল (সোমবার) বিকেলে চার্জশিট দেওয়া হয়েছে। অন্যান্য মামলাগুলোর তদন্ত এখনও চলছে।”

সিআইডির আরেক কর্মকর্তা পরিদর্শক সাজেদা লতা বলেন, অন্য মামলাগুলোর অভিযোগপত্রও ‘খুব শিগগিরই’ আদালতে পাঠানো হবে।

হেলেনার বিরুদ্ধে মোট চারটি মামলা রয়েছে। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে, ডিজিটাল নিরাপত্তা আইনে এবং মাদক আইনে অন্য মামলাগুলো করা হয়।

গত ২৯ জুলাই গুলশানের বাসা থেকে হেলেনাকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর ২ অগাস্ট ভোলার আব্দুর রহমান তুহিন নামের এক ব্যক্তি প্রতারণার মামলাটি করেন।

এজাহারে বলা হয়, হেলেনার মালিকানাধীন আইপি টিভি জয়যাত্রার ভোলা প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়ার নামে তুহিনের কাছ থেকে ৫৪ হাজার টাকা আদায় করা হয়েছিল। চাকরি নেওয়ার পর তুহিনের কাছ থেকে প্রতি মাসে ৩ হাজার টাকা করে চাঁদা নেওয়া হত।

তদন্তের পর দেওয়া অভিযোগপত্রে হেলেনা জাহাঙ্গীর ছাড়াও জয়যাত্রা টিভি সংশ্লিষ্ট হাজেরা খাতুন, কামরুজ্জামান, মাহফুজুর রহমান ও সানাউল্লাহ নূরী নামে চারজনকে আসামি করা হয়েছে। হাজেরা জয়যাত্রা টিভির জিএম (অ্যাডমিন) ছিলেন। সানাউল্লাহ নূরী ছিলেন জয়যাত্রা টিভির প্রতিনিধি সমন্বয়ক।

অভিযোগপত্রে বলা হয়, আসামিরা সরকারের অনুমোদন না থাকা সত্ত্বেও জয়যাত্রা টিভি চালাতেন। বিভিন্ন জেলায় প্রতিনিধি নিয়োগ করে মোটা অঙ্কের টাকা জামানত হিসেবে নিয়ে তা আত্মসাৎ করেন।

Image
হেলেনা জাহাঙ্গীর।

হেলেনা জাহাঙ্গীর।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর পরিচালক হেলেনা জাহাঙ্গীর জয়যাত্রা গ্রুপের কর্ণধার। জয়যাত্রা টেলিভিশনের চেয়ারপারসন হেলেনা নিজেকে আইপি টিভি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি হিসেবেও পরিচয় দিতেন।

হেলেনা জাহাঙ্গীর আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটিতে সদস্য ছিলেন। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগেরও উপদেষ্টা পরিষদে ছিলেন তিনি।

‘বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ’ নামের একটি ‘ভূইফোঁড়’ সংগঠনে হেলেনা জাহাঙ্গীরের সভাপতি হওয়ার খবর চাউর হলে তাকে দুই কমিটি থেকেই বাদ দেয় আওয়ামী লীগ। এর পরপরই তিনি গ্রেপ্তার হন।

আরও পড়ুন

আরও ২ মামলায় হেলেনা জাহাঙ্গীরের জামিন, বাকি আরেকটি  

এক মামলায় জামিন পেলেন হেলেনা জাহাঙ্গীর  

হেলেনা জাহাঙ্গীর চার মামলায় ১৪ দিনের রিমান্ডে  

বাড়িতে অভিযানের পর হেলেনা জাহাঙ্গীর আটক