যুদ্ধাপরাধ: বগুড়ার সাংসদ মোমিনের মামলার রায় বুধবার
বিএনপির সাবেক সংসদ সদস্য বগুড়ার আব্দুল মোমিন তালুকদার ওরফে খোকার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী না নির্দোষ তা বুধবার জানা যাবে।
প্রসিকিউশন ও আসামিপক্ষের আইনজীবীর যুক্তিতর্ক উপস্থাপনের পর ৩১ অক্টোবর মামলাটি রায়ের অপেক্ষায় রেখেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল রায় ঘোষণার জন্য বুধবার দিন রাখেন বলে আইনজীবী রেজিয়া সুলতানা চমন।
ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রসিকিউটর সুলতান মাহমুদ সিমন ও চমন; আসামিপক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবুল হাসান।
আসামি আব্দুল মোমিন তালুকদার পলাতক বলে জানান প্রসিকিউটর আইনজীবী রেজিয়া সুলতানা চমন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, হত্যা, গণহত্যা, অপহরণ, আটক, নির্যাতন ও অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের তিনটি ঘটনায় অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল।
“চূড়ান্ত শুনানিতে আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে।”
চারদলীয় জোট সরকারের আমলের বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাজশাহী বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন আব্দুল মোমিন তালুকদার। তিনি বগুড়া-৩ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন।
যুদ্ধাপরাধের তিন অভিযোগ মোমিনের বিরুদ্ধে >> ১৯৭১ সালের ২২ এপ্রিল দুপুর ১২টার দিকে আসামি আব্দুল মোমিন তালুকদারসহ ৫ থেকে ৬ জন স্বাধীনতাবিরোধী ও ২০ জন পাকিস্তানি সেনা সদস্যকে নিয়ে বগুড়া জেলার আদমদিঘী থানার কলসা বাজার, রথবাড়ী এবং তিয়রপাড়ায় মুক্তিযোদ্ধা ও হিন্দু সম্প্রদায়ের লোকজনকে হত্যা করতে অপারেশন চালান। ওই দিন আসামি নিজে আগ্নেয়াস্ত্র দিয়ে কলসা গ্রামের মুক্তিযুদ্ধের পক্ষের ইসলাম উদ্দিন প্রামানিকসহ হিন্দু-মুসলিম মিলিয়ে ১০ জনকে গুলি করে হত্যা করেন। >> ১৯৭১ সালের ২৪ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত অভিযান চালিয়ে একই থানার কাশিমালা গ্রামের ১৬ থেকে ১৭টি বাড়ি লুট করেন মোমিন। সেদিন ৫ জনকে গুলি করে হত্যা করে হত্যা করা হয়। >> ১৯৭১ সালের ২৫ অক্টোবর রাতে আব্দুল মোমিন তালুকদার রাজাকার ও পাকিস্তানি বাহিনী নিয়ে আদমদিঘী থানার তালশন গ্রামের অভিযান চালিয়ে চারজনকে হত্যা করেন। |
