চীনের টিকা নিয়েও ওমরাহ করা যাবে: ধর্ম প্রতিমন্ত্রী
চীনের তৈরি সিনোভ্যাক বা সিনোফার্মের কোভিড টিকা নিয়েও ওমরাহ পালনে সৌদি আরব যাওয়া যাবে।
এত দিন বাংলাদেশ থেকে শুধু অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার ও মডার্নার দুই ডোজ টিকা নেওয়া ব্যক্তিরাই কেবল ওমরাহ করতে যাওয়ার সুযোগ পেতেন।
তবে এখন থেকে সিনোভ্যাক কিংবা সিনোফার্মের দুই ডোজ টিকা নিয়েও ওমরাহ করতে যাওয়া যাবে বলে রোববার ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এক আন্তঃমন্ত্রণালয় সভায় এই তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ হতে সিনোভ্যাক বা সিনোফার্মা টিকা গ্রহণকারী ওমরাহ যাত্রীগণ বুস্টার ডোজ ছাড়াই ওমরাহ্ পালন করতে পারবেন।”
মন্ত্রী নির্ধারিত সময়ের মধ্যে হজের প্রস্তুতিমূলক কার্যক্রম শেষ করার নির্দেশও দেন।
কোভিড-১৯ মহামারীর কারণে ২০২০ ও ২০২১ সালে সৌদি আরব বাইরের দেশ থেকে হজ পালনের অনুমতি দেয়নি।
তবে এখন পরিস্থিতির উন্নতি দেখে প্রতিমন্ত্রী বলেন, “আশা করা যায়, সার্বিক পরিস্থিতি অনুকূলে থাকলে চাঁদ দেখা সাপেক্ষে ২০২২ সালের ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশি হজযাত্রীগণ হজে অংশ গ্রহণ করবেন।”
বৈঠকে হজযাত্রীদের প্রাক-নিবন্ধনের বিদ্যমান অবস্থাসহ সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।
