২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে শিক্ষার্থী খুন ‘ছিনতাইয়ে’ বাধা দেওয়ায়, গ্রেপ্তার ৫

গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারী কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান তুহিনকে (২৩) হত্যার অভিযোগে কেরানীগঞ্জ ও ডেমরা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2021, 05:36 PM

Updated : 10 Oct 2022, 06:24 PM

গ্রেপ্তাররা হলেন- মো. সুমন হোসেন (২৪), মো. হযরত (২২), মো. মাসুদ রানা (২২), মো. অলিয়ার রহমান রাজু ও ফখরুল ইসলাম (৩৮)।

রোববার সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা মূলত ছিনতাইকারী দলের সদস্য বলে জানা গেছে।

গত ১২ নভেম্বর রাত সাড়ে ৮টায় গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায়  গলাকেটে হত্যা করা হয় ব্যবস্থাপনা বিভাগের সম্মান শেষ বর্ষের শিক্ষার্থী তুহিনকে।

ঢাকায় সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি গ্রেপ্তারের তথ্য তুলে ধরে জানান, সিআইডির অভিযানে সুমন হোসেন ও মো. হযরতকে রাজধানীর কেরানীগঞ্জ থেকে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাকিদের ডেমরা থেকে গ্রেপ্তার করা হয়।

নিহত তুহিন লেখাপড়ার পাশাপাশি গত ছয় মাস ধরে গাজীপুরের কোনাবাড়ীর রুনু সুপার মার্কেটে অপ্পো মোবাইল ফোন কোম্পানির দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করছিলেন।

হত্যার পরদিন ১৩ নভেম্বর তুহিনের বাবা মো. রফিকুল ইসলাম (৪৮) অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে গাজীপুরের বাসন থানায়  মামলা করেন। পরে মামলার তদন্তভার দেয়া হয় সিআইডিকে।

সিআইডি কর্মকর্তা মুক্তা ধর জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আসামীরা মূলত ছিনতাইকারী দলের সদস্য। তারা ঘটনাস্থলসহ আশেপাশের এলাকায় অটোবাইক নিয়ে গভীর রাত থেকে ভোর পর্যন্ত রাস্তায় চলাচলকারী পথচারীদের লক্ষ্য করে ছিনতাই করে।

“ছিনতাই করার সময় বাধা দিলে তাদের সঙ্গে থাকা ধারালো চাপাতি, লোহার রড দিয়ে আঘাত করে পালিয়ে যায়।“

হত্যার ঘটনার বর্ণনা দিয়ে সিআইডির এই কর্মকর্তা বলেন, "ঘটনার দিন তুহিন কাজ শেষে মজলিশপুরে তার বাসায় ফেরার সময় নাওজোড় এলাকায় আব্দুল মালেক সরকার নিউ সুপার মার্কেটের সামনে পৌঁছালে তার কাছে থাকা মোবাইল এবং টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে গ্রেপ্তার ব্যক্তিরা।

“এসময় তুহিন প্রতিরোধ করার চেষ্টা করলে ধস্তাধস্তির এক পর্যায়ে আসামীরা তাদের কাছে থাকা ধারালো চাপাতি দিয়ে তার গলা কেটে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।"

গ্রেপ্তারদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন ও একটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।